নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবারও মেট্রো বিভ্রাট। সমস্যার মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ। আর এইবার শুধু একদিন নয় পরুপর চারটি রবিবার অর্থাৎ ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর, ৬ ডিসেম্বর সমস্যার মুখে পড়বে নিত্যযাত্রীরা। এই দিনগুলিতে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে বিদ্যুৎ সংযাগ সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সমস্ত রবিবারগুলিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। কিন্তু রেল কতৃপক্ষ জানিয়েছে এইদিনগুলিতে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা মিলবে।
জানা গিয়েছে, ঐদিনগুলিতে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারের প্রথম পরিষেবা সকাল ৯টায় মিলবে পাশাপাশি মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের প্রথম পরিষেবা সকাল ৯টায় শুরু হবে। অন্যদিকে, শেষ পরিষেবা মিলবে অন্যদিনের মতোই। ঐ দিনগুলিতে ব্লু লাইনের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা সন্ধ্যা ৬টার পর আনুমানিক পুনরায় চালু হবে। এছাড়াও, রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে ১৩ ডিসেম্বর রবিবার ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম এবং ময়দান মেট্রো স্টেশনের মধ্যে একটি ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানা গিয়েছে। যার ফলে ঐ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং ময়দান স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা মিলবে না। পাশাপাশি, দক্ষিণেশ্বর থেকে ময়দানের মধ্যে প্রথম পরিষেবা সকাল ৯টায় পাওয়া যাবে এবং ময়দান থেকে দক্ষিণেশ্বরের প্রথম পরিষেবা সকাল ৯টা ১৫ মিনিটে। শেষ মেট্রো স্বাভাবিক সময়ে মিলবে। ওই দিন সন্ধ্যা ৬টার পর আনুমানিক ব্লু লাইনের সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা পুনরায় চালু হবে। অপরদিকে এই সমস্ত রবিবারগুলিতে ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।



