নিরাপত্তারক্ষীকে কোপানোর অভিযোগ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তারক্ষীর সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে! এই সন্দেহের বশে সঞ্জীব বেরা নামে এক নিরাপত্তারক্ষীকে চপার দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নেতাজিনগর থানা এলাকায়। আহত ওই নিরাপত্তারক্ষীকে মাথায় ও হাতে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। একাধিক সেলাই পড়েছে। এরপরই তিনি লিখিত অভিযোগ করেন নেতাজিনগর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই অভিযুক্ত নারায়ণচন্দ্র দত্তকে গ্রেপ্তার করেছে থানা। তিনি গড়িয়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তি নেতাজিনগর এলাকায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁর সঙ্গে স্থানীয় এক তরুণীর সম্পর্ক নিয়ে সন্দেহ করেন তাঁর স্বামী নারায়ণ। বিভিন্ন কারণে চার বছর ধরে স্বামী-স্ত্রী আলাদাও থাকছিলেন। এই সময় ওই তরুণী নিরাপত্তারক্ষীর প্রেমে পড়েন বলে সন্দেহ নারায়ণের। অভিযুক্ত কয়েকদিন আগে তাঁদের সম্পর্ক নিয়ে আরও কিছু জানতে পারেন। এরপরই বৃহস্পতিবার রাতে তাঁর উপর চপার নিয়ে চড়াও হন অভিযুক্ত। তাঁকে এলোপাথাড়ি কোপ মেরে চম্পট দেন তরুণীর স্বামী। 

Advertisement