নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের বাসিন্দা অমিত চক্রবর্তী। কর্মসূত্রে হায়দরাবাদের থাকেন। বাবার চিকিৎসার জন্য তিনি সল্টলেকে এসেছিলেন। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি রয়েছেন তাঁর বাবা। সেই চিন্তায় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে অ্যাপ ক্যাব থেকে নিজের ব্যাগ নিতে ভুলে যান অমিতবাবু। তাতেই ছিল দামি ল্যাপটপ, টাকা, আধার-প্যান কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। চালক সেই সমস্ত জিনিস পেয়ে আর যাত্রীর সঙ্গে যোগাযোগ করেননি। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারের উদ্যোগে দেড় ঘণ্টার মধ্যে সেই সমস্ত সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। এক অভিনব পদ্ধতিতে চালকের মোবাইল নম্বরের সন্ধান পান পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় এই অমিতবাবু। পূর্ব পরিচয়ের সূত্রে ভাস্করবাবু সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ অমরেশ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। গোটা বিষয়টি জেনে লালবাজারের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ইনস্পেক্টর। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর পান তিনি। তার সূত্র ধরেই শুরু হয় অনুসন্ধান। অফিসার জানতে পারেন, দুপুর ১টা নাগাদ ওই নম্বরপ্লেটের গাড়িটি রয়েছে যাদবপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত সাউথ সিটি শপিং মলের কাছে। যাদবপুর ট্রাফিক গার্ডের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে সেই গাড়ি আটকানো হয়। চালকের সঙ্গে মোবাইলে কথা বলেন ইনস্পেক্টর। তাতেই গুরুত্বপূর্ণ তথ্য আসে পুলিশের হাতে। জানা যায়, বিমানবন্দর থেকে সল্টলেক রাইড শেষ হওয়ার পরই অ্যাপ ক্যাবটির চালক পরিবর্তন হয়ে গিয়েছে। আগের চালকের মোবাইল নম্বরও তাঁর কাছ থেকে উদ্ধার করতে পারেননি ট্রাফিক অফিসার।
এরপরেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে ট্রাফিক চালানের তথ্য বার করেন অমরেশবাবু। তা থেকে অনেক নম্বর ঘেঁটে ‘গুণধর’ চালকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় পুলিশ। ল্যাপটপ খোয়ানো যাত্রীর পরিচয় দিয়েই তাঁর সঙ্গে কথা বলেন উর্দিধারী। তিনি জানতে পারেন, ধাপার মাঠপুকুরের বাসিন্দা ওই চালক। বাড়িতেই ল্যাপটপসহ ব্যাগ নিয়ে চলে গিয়েছেন তিনি। এরপরেই ফোনের লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে পৌঁছে যান সাউথ ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ। সেখান থেকে অমিতবাবুর যাবতীয় সামগ্রী উদ্ধার করেন তিনি। পরে তাঁকে ট্রাফিক গার্ডের অফিসে ডেকে ল্যাপটপ সহ নথিপত্র হস্তান্তর করা হয়।



