নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর থেকেই হালকা হালকা শীতের আমেজ বাংলাজুড়ে। সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়া, আকাশজুড়ে আপাতত বৃষ্টির কোনও চিহ্ন নেই। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর তারই পরোক্ষ প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়োসড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের সর্বত্র আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী দু’-তিন দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া থাকবে মনোরম। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে।
আকাশ পরিষ্কার থাকলেও বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে এমনটাও পূর্বাভাস রয়েছে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে ১৯ ও ২০ নভেম্বর। ওই দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির এক-দু’টি জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সতর্কতাও রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চার-পাঁচ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকালের দিকে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। কলকাতায় আপাতত মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। সপ্তাহান্তে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়ার পাশাপাশি হালকা শীতের আমেজ অনুভূত হবে। তবে বুধবার থেকেই বদলাতে পারে পরিস্থিতি। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এক-দু’পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।



