সরকারি জমির ব্যক্তিগত মালিকানা দেখিয়ে কোটি কোটি টাকার ঋণ! গ্রেপ্তার সিপিএম নেতা সহ দুই
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি জমি দখল করে সেই জমিকেই ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে প্রায় ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন এক সিপিএম নেতা। তারপর সেখানে গড়ে তোলা হয়েছিল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এমনই অভিযোগ সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনের বিরুদ্ধে। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

Advertisement

অভিযোগ, সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে সন্দেহ হওয়ায় ব্যাঙ্কের তরফে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, যে জমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখিয়ে ঋণ নেওয়া হয়েছিল, আদতে সেটি সরকারি জমি। এরপরই গোটা বিষয়টি নিয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিপিএম নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ঋণ জালিয়াতির এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।