শোরুমের ট্রায়াল রুমে তরুণীকে খুন, সন্দেহ প্রাক্তন বন্ধুর দিকে
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:২৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ নভেম্বর: দিল্লির মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমের ট্রায়াল রুম থেকে উদ্ধার হল ১৮ বছরের তরুণী শবনমের রক্তাক্ত দেহ। গতকাল সন্ধ্যায় নৃশংস এই হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং একতরফা প্রেমের জেরেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, শবনম ওই শোরুমে কাজ করতেন। গতকাল তাঁর কাজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এক যুবক সেখানে আসে। অভিযুক্ত যুবক শবনমের পূর্বপরিচিত এবং একসময় তাঁর বন্ধু ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, তাঁকে শোরুমের ট্রায়াল রুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর শোরুম বন্ধ করার প্রস্তুতির সময় কর্মীরা ট্রায়াল রুমে শবনমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যেই। তবে খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।