মধ্যপ্রদেশ, ১৫ নভেম্বর: আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির অভিযোগ মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের এক আধিকারিকের বিরুদ্ধে। ওই আধিকারিকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাল লোকায়ুক্ত। প্রাথমিক তদন্তে প্রায় ৭.৬ কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে। অভিযুক্ত আধিকারিকের নাম সঞ্জীব কুমার শর্মা। তিনি সাতপুরা টাইগার রিজার্ভের পাচমাড়িতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত।
লোকায়ুক্ত মারফত জানা গিয়েছে, শর্মা ও তাঁর স্ত্রী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে আয়ের তুলনায় বিপুল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ জমা পড়েছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাঁর সম্পত্তি ঘোষিত আয়ের তুলনায় ২২৮ শতাংশ বেশি। এরপর দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি শুরু হয়। পাচমাড়িতে তাঁর সরকারি বাসভবন ও অফিস এবং ছিন্দওয়াড়ায় ব্যক্তিগত বাড়িতে তল্লাশি চালায় ভোপাল ডিভিশনের লোকায়ুক্ত দল। এই তল্লাশিতে নগদ ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা, প্রায় ৩.৫ কোটি টাকা মূল্যের ২.৫২৮ কেজি সোনা এবং ২.৯৪ লক্ষ টাকা মূল্যের ১.৬৫৬ কেজি রুপো উদ্ধার করা গিয়েছে। পাশাপাশি চারটি গাড়ি এবং প্রায় ৫০ লক্ষ টাকার গৃহস্থালির সামগ্রীর হদিশ মিলেছে। এছাড়াও প্রায় ২ কোটি টাকার রিসর্ট এবং ১ কোটি টাকার ভিলার সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি জমি কেনাবেচা সংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার করা গিয়েছে।
তদন্তকারী দল জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী সম্পত্তির পরিমাণ আয়ের প্রায় ৫৬০ শতাংশ। তবে তদন্ত এখনও চলছে। রিসর্ট ও ভিলার চূড়ান্ত মূল্যায়নের পর সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।



