পোশাক ও লাইফস্টাইল স্টোর বান্ধবী
দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে খুলে গেল ফ্যাশন ও লাইফস্টাইল স্টোর বান্ধবী। দোকানের উদ্বোধন করলেন গায়িকা মোনালি ঠাকুর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকানটির তিন কর্ণধার মেহুলি গোস্বামী ঠাকুর, সঞ্চিতা চট্টোপাধ্যায় ও সর্বাণী বসু ঠাকুর। এখানে পাবেন নানা ধরনের শাড়ি, কাফতান, কুর্তা, গাউন, শর্ট ও লং টপ ইত্যাদি। সেগুলি মূলত সিল্ক, তসর ও সুতির কাপড়েই তৈরি। বান্ধবীর সঙ্গে একই ছাদের তলায় বসত বেঁধেছে আর একটি ব্র্যান্ড, রিবস লাইফস্টাইল স্টোর। প্রতিষ্ঠানের কর্ণধার সঞ্চিতা চট্টোপাধ্যায়। তাঁর সঞ্চয়ে রয়েছে সুগন্ধী মোম, হাতে তৈরি খেস বা দড়ি, টি কোস্টার, চামড়ার তৈরি ঘর সাজানোর টুকিটাকি। রিবস লাইফস্টাইল ব্র্যান্ডের ছাতার তলায় আবার একটি নার্সারির সন্ধানও পাবেন। নাম ছায়ানেস্ট।
সাউথ সিটি মলে ডাইনো ওয়ার্ল্ড
দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল এখন ডাইনোসরদের দখলে। সেখানে গেলেই দেখবেন কয়েকশো হাজার বছর পিছিয়ে গিয়েছেন আপনি। প্রাগৈতিহাসিক যুগে বিচরণ করছেন। আপনার চারপাশে মানুষ নয়, ঘুরে বেড়াচ্ছে ডাইনোসরের দল। হলিউডের সাড়া জাগানো সিনেমা জুরাসিক পার্ক যখন কলকাতায় বেশ জাঁকিয়ে বসেছে, ঠিক সেই সময় সিনেমার পর্দার বাইরে ডাইনোসরদের দেখা মিলল সায়েন্স সিটিতে। অনেকটা তেমনই অভিজ্ঞতা এযুগের বাচ্চাদেরও দিতে পারেন বাবা মায়েরা। সেই সুযোগই রয়েছে সাউথ সিটি মলে। এন্ট্রি টিকিট কেটে ঢুকে পড়ুন। সারা দিন বাচ্চাকে মাতিয়ে রাখবে ডাইনোসরের দল। শুধু ডাইনো দেখেই মন ভরবে না, সঙ্গে রয়েছে সেই সংক্রান্ত সিনেমা, কর্মশালা ইত্যাদিরও আয়োজন। যা সব বয়সের মানুষের ভালো লাগছে। ‘এটা এমনই একটা অভিজ্ঞতা যা বাচ্চাদের সারা জীবন মনে থাকবে’, জানালেন শপিং মলের এগজিকিউটিভ ডিরেক্টর অমিত কুমার।
এঙ্গেজ নিয়ে এল চারটি রোল অন
তীব্র গরমে ভারতীয়দের ত্বকের কথা মাথায় রেখে সুগন্ধযুক্ত চারটি রোল অন বাজারজাত করল আইটিসি-র এঙ্গেজ। ছেলেদের জন্য দু’টি ও মেয়েদের জন্য দু’টি রোল অন প্রস্তুত করেছে এই সংস্থা। রেডিয়েন্ট গ্লো, হাইড্রা সফট, অ্যাম্বের ফ্রেশ ও অ্যাকোয়া ব্লাস্ট নামক এই চারটি রোল অন আপাতত মিলছে অনলাইনে। পরে অফলাইনেও মিলবে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক অভিজাত রেস্তরাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করে এঙ্গেজ। সেখানেই চারটি রোল অন বাজারজাত করার কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ত্বক বিশেষজ্ঞ ডাঃ অপর্ণা সান্থানাম। তিনি জানান, ‘ভারতীয়দের ত্বকগ্রন্থির উপযোগী করে ও এখানকার আবহাওয়ার কথা ভেবে এগুলি তৈরি। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড ভিটামিন এফ, যা ত্বককে সুরক্ষা দেবে।’