বি কাফ-এ
বি কাফ-এ
শুরু একক প্রদর্শনী
• শিল্পী মলয় সাহার একক প্রদর্শনী ‘সায়লেন্ট ন্যারেটিভস: অবজেক্ট ইন ডায়লগ’ নিয়ে সেজে উঠেছে ব্রিজিং কালচার অ্যান্ড আর্টস ফাউন্ডেশন (বি কাফ)। বহু পুরস্কারে সম্মানিত বিশ্বভারতীর কলাভবনের এই প্রাক্তনী বরাবরই রং-তুলির সঙ্গে মিশিয়ে দিয়েছেন শিল্পীর মন ও আমাদের চারপাশের তুচ্ছাতিতুচ্ছ বিষয়ও হয়ে উঠেছে তাঁর শিল্পের বিষয়। মিনিয়েচার পেইন্টিংয়ে মলয় বেশ পরিচিত ও জনপ্রিয় নাম। প্রদর্শনীটি উদ্বোধন করেছেন শিল্পী হিরণ মিত্র, অয়ন সেন ও শিল্প তত্ত্বাবধায়ক বন্যা বসু ও রীনা দেওয়ান। প্রদর্শনীটি চলবে আগামী ৩ মে পর্যন্ত। সোমবার বাদে প্রতিদিনই বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
এনআইএফ গ্লোবাল-এর ফ্যাশন শো
• সম্প্রতি কলকাতার হায়াত রিজেন্সিতে অনুষ্ঠিত হল এনআইএফ গ্লোবাল, সল্টলেকের বার্ষিক গ্র্যাজুয়েটিং ফ্যাশন শো ‘এলিক্সির ২০২৫’। দেশ-বিদেশের নানা ফ্যাশন শো-এ প্রদর্শিত পোশাকসমূহ ঠাঁই পেয়েছে এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন নামী ফ্যাশন ডিজাইনার, শিল্পপতি, কনস্যুলেটের প্রতিনিধি এবং বিনোদন জগতের ব্যক্তিত্বরা। সংস্থার দাবি, ফ্যাশন ডিজাইন, ইন্টিরিয়ার ডিজাইন প্রশিক্ষণের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানে সৃজনশীল মনোভাব, গভীর চিন্তাধারা ও বিশ্বমানের উন্নত দৃষ্টিভঙ্গিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। শুধুমাত্র সৃষ্টি ও শিক্ষার আলো নয়, জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শো, কর্মশালা এবং প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগও পান এখানকার ছাত্রছাত্রীরা। এই ফ্যাশন শো-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা সলমন খানের ব্যক্তিগত স্টাইলিস্ট অ্যাশলি রেবেলো, টলিউডের পরিচিত মুখ নুসরত জাহান, অভিনেতা যশ দাশগুপ্ত, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, নীল প্রমুখ।
খুশির মেলা-য় মেয়েদের প্রতিভার খোঁজ
• ‘মেয়েরা গ্রুপ’ আয়োজিত খুশির মেলার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতা। মেয়েদের নানা অপ্রকাশিত প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মঞ্চ হিসেবেই শহরের একটি ক্লাবে সেজে উঠেছিল এই মেলা। বাংলার সবক’টি আর্ট ফর্মকে এক ছাদের তলায় এনে মেয়েদের সুপ্ত প্রতিভার বিকাশই এমন আয়োজনের মূল উদ্দেশ্য বলে দাবি আয়োজক মৌমিতা ঘোষের। লাইভ ছবি আঁকা থেকে আলপনা, লোকগান থেকে আবৃত্তি এসব সাংস্কৃতিক পর্ব যেমন ছিল, তেমনই আয়োজন ছিল বাংলার খাওয়াদাওয়ার পর্বও। সববয়সি মহিলার অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে।
মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি-র রজত জয়ন্তী
পঁচিশ বছর পূর্ণ করল মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির কয়েকজন ছাত্র ক্রিকেট প্রশিক্ষণে গ্র্যাজুয়েশন করে বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছে। স্পেশালিটি গ্রুপ অব রেস্টুরেন্ট-এর কর্ণধার অঞ্জন চট্টোপাধ্যায় ও ক্রীড়াবিদ এবং বেঙ্গল টিমের প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে ২০০০ সালে এই ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরি হয়। বাংলার সম্ভাবনাময় খেলোয়াড়দের নির্বাচন করে সঠিক প্রশিক্ষণ দেওয়াই এই অ্যাকাডেমির একমাত্র উদ্দেশ্য। এই প্রসঙ্গে অঞ্জনবাবু বলেন, এমন একটি প্রশিক্ষণ কেন্দ্রর সঙ্গে যুক্ত থাকা তাঁর কাছে একান্ত গর্বের বিষয়। সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানান, অনেকের মধ্যে থেকে আসল ট্যালেন্ট খুঁজে বের করা এবং তাদের সঠিক সুযোগ দেওয়াই এই কেন্দ্রের উদ্দেশ্য।
স্ট্রিক্স-এর
কালার ও কেয়ার রেঞ্জ
নতুন হেয়ার কালার রেঞ্জ বাজারে আনল স্ট্রিক্স প্রফেশনাল। ইভোক এবং ভোগ নামে দু’টি ভিন্ন ধরনের হেয়ার কালার পাবেন নতুন এই রেঞ্জে। ইভোকের কালার রেঞ্জের মধ্যে রয়েছে শান্তির আবেশ। সংস্থার দাবি এই রং ব্যবহারে নারীমনে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। রঙের মধ্যে উল্লেখযোগ্য মোকা মিরাজ, এসপ্রেসো ফেড, অবার্ন শ্যাগ, ভায়োলেট ফ্রিঞ্জ, অ্যাম্বার ক্লাসিক, ক্রিমসন লেয়ার্স ইত্যাদি। এছাড়াও পাবেন এদের হেয়ার কেয়ার উপাদান বটব্রাজিল। ক্রমাগত রং করার পর চুল যদি রুক্ষ হয়ে যায় তাহলে এই উপাদানটির ব্যবহারে তা আবারও মসৃণ হয়ে উঠবে বলেই দাবি করছে সংস্থা।