অপর্ণা সেনের আলোকচিত্রের প্রদর্শনী
• কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি (কেসিসি)-তে শুরু হয়েছে অপর্ণা সেনের তোলা ছবির প্রদর্শনী ‘মাই গেজ’। ২১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এএমআই আর্টস ফেস্টিভ্যালের সপ্তম এডিশনের অংশ এই বিশেষ আয়োজন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। বছরের পর বছর ধরে ক্যামেরাবন্দি করা নানা মুহূর্ত ও দৃশ্য স্থান পেয়েছে এখানে। শিল্পী সঞ্জীব চৌধুরীর পরিকল্পনায় সাজানো ছবিগুলিতে বিশেষভাবে ধরা পড়েছে আলো, নীরবতা এবং শূন্য স্থানের প্রতি অপর্ণার আকর্ষণ। সিঁড়ি, দরজা, খিলান, প্রতিফলন— বারবার ফিরে এসেছে তাঁর ছবিতে। একসময় চলচ্চিত্রের ব্যস্ততায় স্থিরচিত্র থেকে দূরে সরে গিয়েছিলেন। পরে ডিজিটাল মাধ্যমে আবার আলোকচিত্রে ফিরেছেন তিনি। অপর্ণার কথায়, ‘এই ছবিগুলির কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই।’ বরং নিজস্ব দেখার ভঙ্গি এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন এই সংগ্রহ। ছবি: ভাস্কর মুখোপাধ্যায়
সূচিশিল্পে ভারত-জাপান ঐতিহ্য
• ভারত ও জাপানের ঐতিহ্যবাহী সূচিশিল্পের ইতিহাস, বিবর্তন এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা ‘তাকা-তাকা: অ্যান ইন্ডিয়া-জাপান কনভারসেশন অন কাঁথা অ্যান্ড সাশিকো’। উপস্থিত ছিলেন দুই দেশের বিশিষ্ট শিল্পী, গবেষক, ডিজাইনাররা। অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল ক্রাফটস কাউন্সিলের প্রেসিডেন্ট এমেরিটাস রুবি পালচৌধুরী কথা বলেন জাতীয় পুরস্কারজয়ী কাঁথাশিল্পী বীণা দে ও শিল্পগুরু সম্মানপ্রাপ্ত কাঁথা ডিজাইনার মহামায়া শিকদারের সঙ্গে। আলোচনায় উঠে আসে ঘরোয়া সেলাইয়ের কাজ থেকে কাঁথাশিল্পের জাতীয় স্তরে পরিচিতি পাওয়ার ইতিহাস। এছাড়াও জাপানের ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামের সিনিয়র কিউরেটর রিনা ইগারাশি আন্তর্জাতিক সংগ্রহশালা ও প্রদর্শনীতে কাঁথার ক্রমবর্ধমান পরিচিতি নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, ওয়েভার্স স্টুডিওর প্রতিষ্ঠাতা দর্শন শাহ তুলে ধরেন, ঐতিহাসিক কাঁথার নকশা ও সেলাইয়ের ধরন থেকে আধুনিক ডিজাইনের নানা দিক। জাপানের ইওয়াতাতে ফোক টেক্সটাইল মিউজিয়ামের ডিরেক্টর কো উচিমুরা তাঁদের সংগ্রহে থাকা কাঁথার সংরক্ষণ ও গবেষণার কথা বলেন। অনুষ্ঠানের শেষ পর্বে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নমন আহুজা ‘ডিজাইন অ্যাজ মেথড’ শীর্ষক বক্তব্য রাখেন। শেষে বক্তব্য পেশ করেন ওবিট্রির চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায়।
ইন্দ্রিয়ার নতুন ব্রাইডাল কালেকশন ‘সোনাময়ী’
• নতুন ব্রাইডাল কালেকশন নিয়ে এল আদিত্য বিড়লা গ্রুপের জুয়েলারি ব্র্যান্ড ‘ইন্দ্রিয়া’। বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে গয়নার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে ‘সোনাময়ী’ নামের এই বিশেষ কালেকশনে। সম্প্রতি কলকাতায় ইন্দ্রিয়ার প্রথম শাখায় ২২ ক্যারেট সোনার এই কালেকশনটি উন্মোচিত হয়। গঙ্গার পবিত্রতা, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং বাঙালি বিয়ের চিরাচরিত আচার-অনুষ্ঠান থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এই কালেকশন।
‘সোনাময়ী’তে রয়েছে দু’টি বিশেষ লেয়ার। প্রথমটি ‘শুভমিলন গোল্ড চোকার’। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, ফুল, মাছ ও গঙ্গার ঢেউয়ের নকশায় সাজানো হয়েছে এই চোকার। কেন্দ্রে রয়েছে নৌকায় বসে থাকা নবদম্পতির প্রতিকৃতি, যা নতুন জীবনের যাত্রা ও ভালোবাসার প্রতীক। অন্যটি ‘শুভদৃষ্টি গোল্ড লং নেকলেস’। বাঙালি বিয়ের অন্যতম আবেগঘন রীতি শুভদৃষ্টি থেকে অনুপ্রাণিত এই নেকলেসে রয়েছে আলপনা, ময়ূর, হাতি, সুন্দরী ফুল ও ইলিশ মাছের নকশা। ‘ইন্দ্রিয়া’র হেড অব ডিজাইন অভিষেক রাস্তোগি বললেন, ‘বাংলার নিজস্ব শিল্পকলা, সংস্কৃতি ও বিবাহের ঐতিহ্যকে আধুনিক নকশার সঙ্গে মেলানোই এই কালেকশনের মূল ভাবনা।’ সিইও সন্দীপ কোহলি বলেন, ‘আমরা বিশ্বাস করি, কনের গয়না কেবল অলংকার নয়। এটি একজন নারীর পরিচয়, ঐতিহ্য ও তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের মাইলফলকগুলির অভিব্যক্তি।’ সংস্থার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং-এর প্রধান শান্তিস্বরূপ পান্ডা বলেন, ‘কনের আকাঙ্খার সঙ্গে প্রাসঙ্গিক গয়না তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। সোনাময়ী কালেকশন বিয়ের প্রিয় রীতিগুলি থেকেই অনুপ্রাণিত।’



