রান্না সংক্রান্ত কথা আর রেসিপি নিয়ে চলছে হারানো রান্নার গল্প। এই বিভাগে একটি পদ বিষয়ে গল্প শোনান রন্ধনবিশেষজ্ঞ ও গবেষক শুভজিৎ ভট্টাচার্য, সঙ্গে থাকে সেই রান্নার রেসিপি।
কলাপাতা পেতে খাওয়া, পাতের এক কোণে নুন-লেবু, গামছা কাঁধে পরিবেশনকারীর ব্যস্ত আনাগোনা, লম্বা টেবিলে সারি দিয়ে বসে ভোজ। পুরো ছবিটাই আমাদের ফিরিয়ে নিয়ে যায় অতীতের বিয়েবাড়িতে। সেই বিয়েবাড়ির দিনগুলির আমেজ আজ অনেকটাই ফিকে। বদলে গিয়েছে খাওয়াদাওয়ার ধরন, হারিয়ে গিয়েছে কত পুরানো রান্না। তবু অ্যালবামের ছবির মতো স্মৃতিতে রয়ে গিয়েছে সেইসব সাবেক পদের স্বাদ। সাবেক বাঙালি বিয়েবাড়ির তেমনই এক অবিচ্ছেদ্য পদ বাসন্তী পোলাও। গোবিন্দভোগ চাল, ঘি, কাজু-কিশমিশ আর চিনির মিষ্টি সুবাসে এই পোলাও আজও ফিরিয়ে আনতে পারে হারানো দিনের ভোজের স্মৃতি।
উপকরণ: ১৫০ গ্রাম গোবিন্দভোগ চাল, এক মুঠো কাজুবাদাম, কিশমিশ পরিমাণ মতো, ৩০ গ্রাম চিনি, ঘি পরিমাণ মতো, ২টি তেজপাতা, ৪-৫টি এলাচ, ৫-৬টি লবঙ্গ, দেড় ইঞ্চি দারচিনি, ১ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, ২-৩ চা চামচ কেওড়ার জল, ২-৩ চা চামচ গোলাপ জল।
প্রণালী: গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে কাজুবাদাম ভেজে তুলে রাখুন। এবার ওই কড়াইয়ে জল দিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে নুন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও হলুদ গুঁড়ো দিন। এরপর ভিজিয়ে রাখা চাল দিয়ে দিন। কেওড়ার জল ও গোলাপ জল মিশিয়ে চাল প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার চালের মাড় ঝরিয়ে নিন। একটি বড়ো পাত্রে অর্ধেক ভাত ছড়িয়ে তার উপর অর্ধেক চিনি, কাজুবাদাম, কিশমিশ ও ঘি দিন। তার উপর বাকি ভাত দিয়ে আবার চিনি, কাজুবাদাম, কিশমিশ ও ঘি ছড়িয়ে দিন। পাত্রটি ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ভালো করে মিশিয়ে আরও ৪-৫ মিনিট রেখে পরিবেশন করুন সুগন্ধি বাসন্তী পোলাও।



