মাটনের  লাল মাস
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নভেম্বর মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী কেয়া গুহ দত্ত। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

উপকরণ: খাসির মাংস ৭৫০ গ্রাম, কাশ্মীরি শুকনো লংকা ১০-১২টি, টক দই ২০০ গ্রাম, বড়ো পেঁয়াজ ৩টি ঝিরিঝিরি করে কাটা, রশুন ১২ কোয়া ও আদা ২ ইঞ্চি একসঙ্গে বাটা, সরষের তেল ৩ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লংকা, সানরাইজ ধনে গুঁড়ো ২ চা চামচ, সানরাইজ জিরে গুঁড়ো ২ চা চামচ, সানরাইজ হলুদ গুঁড়ো ১ চা চামচ, সানরাইজ মিট মশলা ২ চা চামচ, নুন পরিমাণ মতো।
প্রণালী: শুকনো লংকা গরম জলে ৩০ মিনিট ভিজিয়ে রেখে অল্প জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট করে নিন। এই লংকার পেস্ট থেকেই মাংসে আসবে লাল রং। মাংসের সঙ্গে টক দই, লংকার পেস্টের অর্ধেক, আদা-রশুন বাটা, হলুদ ও নুন মিশিয়ে ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইয়ে সরষের তেল ও ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। এরপর কুচানো পেঁয়াজ বেরেস্তার মতো লালচে করে ভেজে নিন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে মিনিট দশেক আঁচ বাড়িয়ে কষান। মাংস থেকে জল বেরলে তা শুকিয়ে নিন। এরপর বাকি লংকার পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও মিট মশলা দিয়ে আরও ১৫ মিনিট কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গরম জল যোগ করুন। এবার কড়াই ঢেকে কম আঁচে ৪০-৪৫ মিনিট রান্না করতে হবে। প্রেশার কুকারে করলে ৪-৫টি সিটি দিলেই হবে। শেষে উপর থেকে এক চামচ ঘি ও সামান্য ভাজা রশুন কুচি ছড়িয়ে গরম গরম ভাত বা রুটি-লুচি-পরোটার সঙ্গে পরিবেশন করুন।