ভাজাভুজির খোঁজ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রাচীন কলকাতার স্মৃতিকে সঙ্গী করে চলা এসব স্টল-এ ‘শেফ’ নেই, তবে দুর্দান্ত ‘কারিগর’ আছেন। আজ রইল তেমনই এক চপ-কাটলেটের স্টল ‘আপনজন’-এর কথা।

Advertisement

কলকাতার চপ-কাটলেটের মানচিত্রে কালীঘাটের ‘আপনজন’ সুপ্রতিষ্ঠিত ঠিকানা। ১৯৮২ সালে প্রভাস ঘোষের হাত ধরে পথচলা শুরু এই দোকানের। অবয়বে ছোটো হলেও মাছ-মাংসের স্ন্যাক্স আইটেমে সে টেক্কা দেয় বড়ো বড়ো ব্র্যান্ডকে। সদানন্দ রোডে তপন থিয়েটারের কাছেই তার ঠিকানা। মজার বিষয়, প্রথম থেকেই মাছের ভাজাভুজি দিয়ে দোকানের যাত্রা শুরু হয়নি। শুরুতে পাওয়া যেত রাধাবল্লভী ও ভেজিটেবল চপ। ১৯৮৫ সালে মেনুতে যুক্ত হয় মাছের নানা পদ। তারপর ধীরে ধীরে চপ, কাটলেট, কবিরাজি, ডেভিলের সম্ভার নিয়ে আপনজন হয়ে ওঠে খাদ্যরসিকদের প্রিয় ঠিকানা। দোকানের সবচেয়ে বড়ো আকর্ষণ নিঃসন্দেহে ভেটকি মাছের ফিশ ফ্রাই ও ফিশ কভারেজ তথা কবিরাজি! পুরু ভেটকি মাছের ফিলে মশলায় ম্যারিনেট করে সিমুই ও ব্রেডক্রাম্বের আস্তরণে মাখিয়ে ভেজে পরিবেশন করা হয়। সঙ্গে জিভে জল আনা স্পেশাল কাসুন্দি ও স্যালাড। ব্যস  বিকেল জমে ক্ষীর। এ ছাড়াও মাটন শিঙাড়া, হাঁসের ডিমের ডেভিল, মাটন কাটলেট, ফিশ অরলি-সহ নানা পদ মেলে এখানে। অন্যতম জনপ্রিয় মাছের কচুরি ও মাছের নানা স্ন্যাক্স। এখনও বিশিষ্ট অভিনেতা ও নাট্যজগতের মানুষ সহ শহরের নামীদামি ব্যক্তিত্বরা এখানকার নিয়মিত ক্রেতা। প্রতিষ্ঠাতা প্রভাস ঘোষের তৈরি করা খাবারের গুণমান ও স্বাদের ধারাবাহিকতাই আপনজনের জনপ্রিয়তার অন্যতম কারণ। এখন হয়েছে চারটি শাখা। কালীঘাট ছাড়াও সেসব ছড়িয়ে রয়েছে এসপ্ল্যানেড ও নাকতলায়। বর্তমান প্রজন্মের কর্ণধার সমীরণ ঘোষ দিলেন আপনজন-এর দু’টি রেসিপি।

মাছের কচুরি

উত্তর কলকাতার বিখ্যাত সান্ধ্যকালীন টিফিন মাছের পুর ভরা কচুরি। আপনজন-এর রেসিপি জেনে বানিয়ে ফেলুন বাড়িতেই।

উপকরণ: কাঁটাছাড়া ভেটকি মাছ ১০০ গ্রাম, ছোটো পেঁয়াজ ১টি, আলু অর্ধেক, আদাবাটা ৫০ গ্রাম, রশুন বাটা ১০০ গ্রাম, ময়দা ৫০০ গ্রাম, হলুদ গুঁড়ো ৫০ গ্রাম, লংকা গুঁড়ো ৫০ গ্রাম, নুন ও চিনি স্বাদ মতো, ধনেপাতা পরিমাণ মতো, গরমমশলা ও ঘি সামান্য, সাদা তেল ১ লিটার।

প্রণালী: আলু সেদ্ধ করে রাখুন। পেঁয়াজ কুচিয়ে নিন। এবার ময়দা মাখার জন্য একটি বড়ো গামলায় তিন কাপ জল নিয়ে তাতে কিছুটা সাদা তেল, ২-৩ চামচ চিনি ও  চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ময়দা যোগ করে ভালো করে মেখে নিন। ময়দা বেশি শক্ত হয়ে গেলে সামান্য জল মেশান। ময়দা মাখা হয়ে গেলে তার উপর পরিষ্কার ভেজা কাপড় চাপা দিয়ে রাখুন। এবার মাছের কচুরির পুর তৈরির জন্য কড়াইতে ২০০ গ্রাম সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। তাতে সামান্য নুন ও সেদ্ধ আলু দিয়ে ভেজে নিয়ে ভেটকি মাছ হাতের সাহায্যে ঝুরো ঝুরো করে যোগ করে দিন। এবার আদা-রশুন বাটা, হলুদ গুঁড়ো ও অল্প লংকা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। কিছুক্ষণ কষানোর পর মিশ্রণটি মাখো মাখো হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি, সামান্য গরমমশলা ও ঘি দিয়ে নামিয়ে নিন। এরপর ময়দা থেকে একটু বড়ো মাপের লেচি কেটে নিন। লেচির মধ্যে বেশ কিছুটা মাছের পুর ভরে মুখ ভালো করে চেপে বন্ধ করে দিন। উপর থেকে সামান্য তেল মাখিয়ে কচুরিগুলি ১০ মিনিট রেখে দিন। এবার হালকা হাতে অনেকটা লুচি বেলার মতো করেই কচুরিগুলি বেলে নিন। কড়াইতে তেল গরম করে একটা একটা করে কচুরি ছেড়ে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। কচুরিগুলি ভাজার সময় ফুলে উঠলে বুঝতে হবে ময়দা ঠিকমতো মাখা হয়েছে। আলুরদম বা কষানো আলু দিয়ে পরিবেশন করুন এই মাছের কচুরি।

ফিশ পাসিন্দা 

মাছের স্টার্টার মানে কি শুধুই ফিশ ফ্রাই বা ব্যাটার ফ্রাই? বরং মাছের ভাজাভুজির মধ্যে অফবিট পদ পাসিন্দা দিয়ে জমিয়ে দিন অতিথির পাত।

উপকরণ: ভেটকি মাছের ফিলে ৩টি, প্রতিটি ২০০ গ্রাম, পাতিলেবু ২টি, পুদিনা পাতা, ধনেপাতা ও পার্সলে পাতার পেস্ট একসঙ্গে ১০০ গ্রাম, আদা বাটা ১০০ গ্রাম, রশুন বাটা ২০০ গ্রাম, কাঁচালংকা বাটা ৫০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, নুন ৫ চামচ, গোলমরিচ গুঁড়ো ২ চামচ, গরমমশলা গুঁড়ো ৩ চামচ, ডিম ১টি, মাটন কিমা ১০০ গ্রাম, পেঁয়াজ ৪টি, সরষের তেল ২০০ গ্রাম, সাদা তেল ডিপ ফ্রাই হবে এমন পরিমাণে, হলুদ ১ চামচ, ব্রেডক্রাম্ব ও সিমুই পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে ভেটকি মাছের ফিলেগুলি লেবুর জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, যাতে আঁশটে গন্ধ চলে যায়। অন্যদিকে, প্যানে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি ও মাটন কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। তাতে আদা, রশুন ও কাঁচালংকার পেস্ট, হলুদ, স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে পুর তৈরি করুন। পুর তৈরি হয়ে এলে উপর থেকে সামান্য গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন। এবার মাছের ফিলেগুলি লেবুর জল থেকে তুলে দু’-তিনবার ভালো করে ধুয়ে নিন। মাছের গায়ে যেন কোনো জল না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এরপর একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে সরষের তেল, পুদিনা পাতা-ধনেপাতা-পার্সলে পাতার পেস্ট, চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো ও গরমমশলা দিয়ে ভালো করে মাখিয়ে ৪৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর মাছের ফিলেগুলিকে মাঝ বরাবর চিরে পকেটের মতো করে নিন। ফিলে করার সময় অথবা পরেও এই কাজ করা যায়। মাছের পকেটে মাটন কিমার পুর দিয়ে মাছের ফিলেগুলি মুড়ে দিন। ব্রেডক্রাম্ব এবং সিমুই একসঙ্গে মিশিয় নিন। এবার মাছের ফিলেগুলি ফেটানো ডিমে কোট করেই ব্রেডক্রাম্ব এবং সিমুইয়ের মিশ্রণে গড়িয়ে নিন। অনেকটা ফিশ ফ্রাই তৈরির মতো করে মাছের গায়ে এই প্রলেপ লাগিয়ে দিন। কড়াইতে সাদা তেল গরম করে তেল প্রায় ৬০ শতাংশ গরম হলে মাছগুলি ছেড়ে দিন। মাছের গা লালচে হয়ে এলে দু’পিঠ উলটে ভালো করে ভেজে তুলে নিন। তৈরি ফিশ পাসিন্দা। স্যালাড, কাসুন্দি ও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গরম গরম পরিবেশন করুন।