সুবিশাল উচ্চতার সামনে বাকি সব তুচ্ছ হয়ে যায়। ট্রেক করে সেখানে পৌঁছানোর উত্তেজনা আলাদা। সঙ্গী বৃষ্টি এবং বরফ। কেমন সেই যাত্রা?
কীভাবে যাবেন: দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বিমানে চণ্ডীগড় পৌঁছতে হবে। সেখান থেকে গাড়িতে সিমলা। ফের গাড়িতে ঘণ্টা দশেকের মধ্যে পৌঁছনো যায় ২৫০ কিমি দূরের পাব্বার উপত্যকায়।
অষ্টপ্রহর কীর্তনের মতো বিরামহীন বৃষ্টি সারারাত ধরে। বৃষ্টি থামলে অঝোরে তুষারপাত। তাঁবুগুলো ঢাকা পড়েছে পুরু বরফের আস্তরণে। তুষারপাত শেষে আবারও বৃষ্টি। ঠিক যেন রিলে রেস। নীচ থেকে ক্রমাগত উঠে আসা ধোঁয়াশা গ্রাস করে ফেলছে পুরো চরাচর। আজই আমাদের পাস ক্রস করার দিন। কিন্তু সকাল দশটা অবধি অপেক্ষা করেও আবহাওয়ার বিরক্তিকর নাছোড় মনোভাবে সেটা বাতিল করে সারাদিন তাঁবুবন্দি হয়ে থাকতে হল।
জুন মাসের আট তারিখ। চণ্ডীগড় থেকে সিমলা হয়ে ঘণ্টা দশেকে সরাসরি পৌঁছে গেলাম ২৫০ কিমি দূরে পাব্বার উপত্যকায়। এপথে ভারতের শেষ গ্রাম জাংলিক। উচ্চতা ৯৩০০ ফুট। পেরিয়ে এলাম উপত্যকার সদর শহর রহরু, ধীর লয়ে বয়ে চলা পাব্বার নদী, চিরগাঁও ইত্যাদি। এখানে ছড়িয়ে-ছিটিয়ে প্রায় ৯৬ ঘর লোকের বসবাস। প্রধান ফসল আপেল। এছাড়াও গম, যব, ফাঁপরা, আলু ও স্থানীয় শাকসবজি চাষ হয়। গ্রামের উপরিভাগে দেওদার কাঠের অপূর্ব কারুকার্য শোভিত যক্ষ দেবতার মন্দির। আমাদের আজ রাতের আশ্রয়স্থল পংকজ নেগীর সুন্দর হোমস্টে।
প্রথম দিনের ট্রেক শুরু সকাল সাড়ে আটটায়। গন্তব্য দায়রা থাচ। গ্রামের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী পথ। পাহাড়ের ঢালে সুন্দর সুন্দর ঘরবাড়ি, সোপান খেত। গ্রাম ছাড়িয়ে ঢুকে পড়লাম পাইন গাছের ঘন বনানীর ভিতর। তারপর আবার উন্মুক্ত পথ। তিনটি বুগিয়াল পেরিয়ে সাড়ে বারোটায় পৌঁছে গেলাম দায়রা থাচ। সুবিশাল সবুজ বুগিয়াল। উচ্চতা ১১০০০ ফিট। বিভিন্ন ট্রেকিং কোম্পানির প্রায় শ’খানেক তাঁবু পাতা রয়েছে। এখানে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে শুরু হল তুমুল বৃষ্টি। চলল চারঘণ্টা।
দায়রা থেকে বেরলাম সকাল আটটা। সুন্দর ট্রেকপথ। কখনো রডোডেনড্রন, পাইন, ভুজগাছের আধিক্যের মধ্য দিয়ে। আবার কখনো উন্মুক্ত সবুজ উপত্যকা দিয়ে। উপর থেকে নেমে আসা কৌটি গাড পেরিয়ে ঊর্ধ্বমুখী পথ। তারপর রিজের উপর দিয়ে চলা। নেমে এলাম পৈরি গাডের কাছে। নালা পেরিয়ে বেলা সাড়ে দশটায় উঠে এলাম লিথাম থাচে। উচ্চতা ১১,৩০০ ফুট।
তাঁবুতে স্যাক রেখে চা বিস্কুট খেয়ে চললাম চন্দ্রনাহান লেক দেখতে। শুরু থেকেই চড়াই পথ। ডানদিকে উপর থেকে নেমে আসছে চন্দ্রনাহান নালা। কষ্টকর চড়াই পথে চলতে চলতে ধেয়ে এল বৃষ্টি। উপর থেকে নেমে আসা ঝরনার পাশ দিয়ে ১ ঘণ্টা ৪৫ মিনিটে আমরা উঠে এলাম চন্দ্রনাহান লেকের ধারে। ছোটো লেক। রয়েছে সামান্য জল। শুরু হল তুমুল বৃষ্টি। তাড়াতাড়ি নামতে শুরু করলাম। বৃষ্টি ধরল আমরা তাঁবুতে ফিরে আসার পর।
পরের দিন সকাল ৮.১৫। ট্রেক শুরু। গন্তব্য আপার ধুনদা। একটু এগতেই শুরু হল মোরেন অঞ্চল। নেমে এলাম অজস্র বোল্ডারে পরিপূর্ণ নদীখাতে। এখানে ধুনদা গাড বেশ কয়েকটি শাখায় বিভক্ত। কয়েকটি সরু নালা ও মোরেন অঞ্চল পেরিয়ে উঠে এলাম লোয়ার ধুনদায়। এখানে রয়েছে ছোট্ট ধাবা। অমলেট আর চা খেয়ে উঠতে লাগলাম তীব্র চড়াইপথে। ক্রমে বেলা বারোটায় বৃষ্টি মাথায় নিয়ে উঠে এলাম আপার ধুনদায়। উচ্চতা ১৩,১০০ ফুট। এটা বুরান পাসের বেসক্যাম্প। সামনেই দেখা যাচ্ছে পাসের অবস্থান। শেষ বিকেলে বৃষ্টি থামল। আগামী কাল ভোররাতে পাসের উদ্দেশে বেরনো। তাই আলো থাকতে থাকতেই ডিনার সেরে সোজা স্লিপিং ব্যাগের ভিতর।
রাত দুটোয় আমাদের গাইড বিক্রম চা নিয়ে এসে হাজির। তাঁবুর জিপার খুলে ভিতরে ঢুকে বলল– ‘সাব মৌসম বিগড় গিয়া। বহুত বুরা হাল হ্যায়।’ অঝোরে বৃষ্টি পড়ছে। সঙ্গে ভরপুর তুষারপাত। প্রমাদ গোনা শুরু হল। সারাদিন তাঁবুতে বন্দি দশা কাটানোর পর বিকেলের দিকে আকাশ পরিষ্কার হল। নীল আকাশের মুখ দেখে মনটা যেন সাড় ফিরে পেল। শরীরটাও বেশ তরতাজা হতে শুরু করল। দেখলাম রাতের ঝকঝকে আকাশে অজস্র তারা।
ভোর ২.৫০-এ হেড টর্চ জ্বেলে পথে নামলাম। রওনা দিলাম পাসের উদ্দেশে। একটা নালা পেরিয়ে মোরেন অঞ্চল। একের পর এক হাম্প পেরিয়ে উঠে এলাম একটা সমতল অঞ্চলে। পিছন ফিরে দেখলাম বহু টর্চের আলোর মালা। বিভিন্ন কোম্পানির ট্রেকাররা আসছেন। এখান থেকে সদ্য পড়া নরম তুষারের খাড়া চড়াই শেষে উঠে এলাম পাসের উপর। উচ্চতা ১৫,০০০ ফিট। ওপাশে দেখা যাচ্ছে কিন্নরের অংশ। দূরে দৃশ্যমান কিন্নর কৈলাস পর্বত। ভোরের আলোর লাল আভা ওপাশের পার্বত্য অঞ্চলে। এখান থেকে ১০০ মিটার র্যাপলিং করে নেমে আসতে হল তুষারসমুদ্রে। সেখান থেকে পরপর দুটো গ্লিসেড করে নেমে চলা আরও অনেকটা নীচে। এরপর হাঁটতে হাঁটতে একসময় বরফ শাসন থেকে মুক্তি মিলল। তারপর বোল্ডার, নদীখাত ইত্যাদি অঞ্চল পেরিয়ে নেমে এলাম রিভার ক্যাম্পে। জায়গাটার নাম মনিরাং। উচ্চতা ১০০০০ ফুট। এটাও পাহাড়ের ঢালে খুব সুন্দর একটা প্রশস্ত ক্যাম্পসাইট। গতকালের সন্ধেটা পাস ক্রস করার আনন্দে গানে আড্ডায় বেশ কাটল। আজ সকাল ছ’টায় বেরলাম। কিন্নরের এই অংশটাও অসাধারণ সুন্দর। পরতে পরতে ছবি। ঘণ্টা চারেক ট্রেক করে পৌঁছে গেলাম ব্রুয়া গ্রামে। সেখান থেকে গাড়িতে সোজা সিমলা।
সুমন চট্টোপাধ্যায়



