Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খালিদের উপর আস্থা রাখুন: সুব্রত

কেউ বলছেন ম্যাজিশিয়ান। কারও কাছে খালিদ জামিলই ভারতের হোসে মরিনহো। কাফা নেশনস কাপে তাজিকিস্তান বধের পর সোশ্যাল সাইট জুড়ে খালিদ বন্দনা।

খালিদের উপর আস্থা রাখুন: সুব্রত
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাফা নেশনস কাপে কাল প্রতিপক্ষ শক্তিশালী ইরান

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ বলছেন ম্যাজিশিয়ান। কারও কাছে খালিদ জামিলই ভারতের হোসে মরিনহো। কাফা নেশনস কাপে তাজিকিস্তান বধের পর সোশ্যাল সাইট জুড়ে খালিদ বন্দনা। তবে মুম্বইকর অন্য ধাতুতে গড়া। স্বপ্ন-বাস্তবের ফারাক তিনি ভালোই বোঝেন। তাঁর কোচিংয়ের আপ্তবাক্য— সাফল্য পাওয়া শক্ত, কিন্তু ধারাবাহিকতা দেখানো আরও কঠিন। আসলে বহু কষ্টে তিলে তিলে নিজেকে গড়েছেন মুম্বইকর। সেই খালিদের কোচিংয়েই এক বছর পর জয়ের মুখ দেখল ব্লু টাইগার্স। শুধু জাতীয় দল নয়, ভারতীয় কোচেদেরও গর্বিত করেছেন মুম্বইকর। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য বরাবরই দেশীয় কোচের পক্ষে। এদিন মুঠোফোনে ময়দানের বাবলুর সাফ কথা, ‘আবারও বলছি, জাতীয় দলের জন্য ভারতীয় কোচই দরকার। খালিদের উপর ভরসা রাখুন। আরও সাফল্য এনে দেবে।’
কাফা নেশনস কাপের প্রথম ম্যাচেই বাজিমাত ভারতের। আগামী সোমবার পরের প্রতিপক্ষ ইরান। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন। ইন্তার মিলানে খেলা তারেমির মতো ফুটবলার রয়েছেন দলে। এই ইরানের বিরুদ্ধে কতটা চ্যালেঞ্জ ছুড়তে পারবেন খালিদ? তাঁর এতদিনের অর্জিত অভিজ্ঞতার সবচেয়ে বড় পরীক্ষা। রক্ষণ জমাট করে আল্ট্রা ডিফেন্সিভ ফর্মেশনে দলকে খেলান তিনি। গোল তুলে নিতে পারলে সোনায় সোহাগা। রক্ষণের তালা ভাঙতে প্রতিপক্ষের ঘুম উড়ে যায়। বল পজিশন চুলোয় যাক। পয়েন্ট পাওয়াই আসল। তার উপর খালিদ চেজমাস্টার। বিপক্ষের পায়ে বল পড়লেই স্ন্যাচ করতে তৈরি মাঝমাঠ। কড়া ট্যাকল, চোরাগোপ্তা ফাউলে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অস্ত্রে অনেক বাঘ মেরেছেন খালিদ। কিন্তু শুধু রক্ষণ আঁটসাট করে ইরানকে আটকানো অসম্ভব। উইং ব্যাক নিয়েও চিন্তা থাকছে। লেফট উইং ব্যাক মহম্মদ উভেসের আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। আক্রমণের জন্য উভেসকেই বেছে নিয়েছিল তাজিকিস্তান। তা নিশ্চয়ই ইরান কোচের চোখ এড়ায়নি। সোমবার বিকেলে গুরপ্রীত, আনোয়ারদের জন্য কড়া প্রশ্নপত্র তৈরি থাকবে তা অনুমান করাই যায়। প্রবল প্রতিপক্ষ ইরানের আক্রমণ সামলানোই খালিদের সামনে বড় চ্যালেঞ্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ