ওয়েলিংটন, ২৩ নভেম্বর: জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। পঞ্চম তথা শেষ দিনের শুরুতে জয়ের আশা জাগালেও ড্যারেল মিচেল এবং গ্লেন ফিলিপসের লড়াইয়ে মূল্যবান জয় হাতছাড়া হল টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের প্রতিরোধ ভাঙতে ব্যর্থ গিল বাহিনী। এর ফলে ডব্লুটিসির ফাইনালে যাওয়ার পথ আরও কঠিন হল।
শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। দিনের শুরুতেই দ্রুত উইকেট তুলে আশা জাগিয়েছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু এরপর ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস শক্ত হাতে ম্যাচের হাল ধরেন। দীর্ঘক্ষণ ভারতীয় বোলারদের সামলান তাঁরা। তাঁদের প্রতিরোধে ক্রমশ ফিকে হয়ে আসে ভারতের জয়ের আশা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান করে। এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
প্রথম দিন ম্যাচের শুরুতে সবুজ ঘাসে ঢাকা পিচে দাপট দেখান ভারতীয় পেসাররা। একসময় নিউজিল্যান্ড ৭০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। কিন্তু হেনরি নিকোলাসের অপরাজিত ১৭৫ ও গ্লেন ফিলিপসের ১১৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় তাঁরা। প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে কিউয়রা। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করতে থাকে ভারতীয় ব্যাটাররা। কে এল রাহুল ১৩৬ ও ঋষভ পন্থ ১২৮ রানের দূরন্ত ইনিংস খেলেন। ৯৮ রানে আউট হয়ে মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন গিল। এছাড়াও যশস্বী জয়সওয়াল ৮৫, দেবদত্ত পাদিক্কাল ৮০ ও ধ্রুব জুরেলের ৭৮ রানের দৌলতে ৭২০ রানের বিশাল পাহাড় খাড়া করে ভারত। বিদেশের মাটিতে ভারতের এটিই সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস। কিন্তু সেই ইনিংস কোনও কাজে এল না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলে লাথাম বাহিনী। শুরুতে বুমরাহ লাথামকে আউট করে দেন। এর কিছুক্ষণ পরই নিকোলাসও সাজঘরে ফেরেন। চতুর্থ দিনের শেষে কনওয়ে ও রবীন্দ্র কিউয়িদের ব্যাটিংয়ে বড় স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিল। শেষ দিনে সেই ভিতের উপর দাঁড়িয়েই ম্যাচ বাঁচানোর লড়াই চালায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে দাঁড়াল গিলদের। ভারতের পয়েন্ট শতাংশ ৫১.৫২ থেকে কমে ৫০ শতাংশ হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭ শতাংশ। এখন ফাইনালে যেতে হলে প্রতিটা ম্যাচই জিততে হবে ভারতকে। অন্যদিকে টেস্টের লিগ টেবিলে তিনে থাকা নিউজিল্যান্ড ফাইনালে য্যওয়ার লড়াইতে অনেক বেশি আশাবাদী।



