ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জয় ও ড্রয়ের মাঝে ফারাক আপাতত ৯০ ওভারের। রীতিমতো আত্মবিশ্বাসী দেখাচ্ছে শুভমান গিল ব্রিগেডকে। চতুর্থ দিনের শেষের পরিস্থিতি অনুযায়ী ম্যাচে টিম ইন্ডিয়াই অ্যাডভান্টেজ পজিশনে। কিউয়িদের প্রথম ইনিংসে করা ৩৬৮ রানের জবাবে ভারতের স্কোর ৭২৯। লিড ৩৫২ রানের। বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টম লাথাম বাহিনীর সংগ্রহ ২ উইকেটে ১১৯। রবিবারের খেলার শেষে ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে (৫৯) ও রাচীন রবীন্দ্র (২৭)। চরম প্রতিকূল পরিস্থিতিতেও আশা ছাড়ছে না কিউয়ি শিবির। মরিয়া প্রতিরোধের বার্তা দিয়ে রাখলেন রাচীন। সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘আমাদের হাতে ৯০ ওভার রয়েছে। সময় নিয়ে উইকেটে থিতু হতে পারলে বড়ো স্কোর করা কঠিন নয়। ডেভনের উপর আস্থা আছে। বেশি বল খেললে ও রান করে দেবে।’
আন্তর্জাতিক ক্রিকেটের আগ্রাসী ব্যাটমস্যান হিসাবেই পরিচিত রাচীন রবীন্দ্র। তবে ঘরের মাঠে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ক্রিজে থাকাটা খুব জরুরি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ঠিক যে, আমি হিট নিতে পছন্দ করি। তবে এখন দলের প্রয়োজন অনুসারে খেলাই আমার প্রধান লক্ষ্য। তাই চেষ্টা করব প্রতিটা বল দেখেশুনে খেলতে। জানি, ওদের বুমরাহ আছে। ও খুব ধারাবাহিক। তবে আমরা ভীত নই। নিজেদের উপর আস্থা রয়েছে। ক্রিজে টিকে থাকতে আপ্রাণ চেষ্টা করব।’ প্রথম দিনের পর থেকেই ওয়েলিংটনের উইকেটের চরিত্র বদলেছে। খেলা গড়ানোর সঙ্গেই ২২ গজ ক্রমশ ব্যাটসম্যান সহায়ক হয়ে উঠেছে। তারই প্রমাণ প্রথম দুই ইনিংসে চারটি সেঞ্চুরি সহ ১০৮৮ রান। রাচীন বলেন, ‘ওয়েলিংটনের উইকেটে বোলাররা সুবিধা পায়। এবার সেটা উলটো হচ্ছে। তবে এটা ক্রিকেটের জন্য ভালো। হতে পারে শেষ দিনে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে। তবে আমরা কেউ ভবিষ্যৎ দেখতে পাই না। আমাদের কাজ চেষ্টা চালিয়ে যাওয়া। সেটাই করব।’



