বার্সেলোনা- ৩ : ভিয়ারিয়াল- ২
রিয়াল মাদ্রিদ- ২ : সেলতা ভিগো- ১
মাদ্রিদ: লা লিগায় আরও এক রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন বার্সেলোনার। রবিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে ম্যাচের সাত মিনিটের মধ্যে দু’গোলে পিছিয়ে পড়েও ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। দ্বিতীয়ার্ধে একের পর এক পরিবর্তনে ম্যাচের মোড় ঘোরালেন জার্মান কোচ। বার্সার হয়ে জাল কাঁপান জেরার্ড মার্টিন ও ফারমিন লোপেজ। অপর গোলটি আত্মঘাতী। ভিয়ারিয়ালের দুই গোলদাতা তাজোন বুকানন ও তানি ওলুয়াসি। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সা। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে, আরও বড়ো ব্যবধানে জিততে পারত বার্সা। একইসঙ্গে আরও একবার রক্ষণ নিয়ে চিন্তা থেকেই গেল কোচ ফ্লিকের। বিশেষত পাও কুর্বাসির অনুপস্থিতিতে সেন্ট্রাল ডিফেন্সে মার্টিনের সঙ্গে ডে জংকে রেখে যে ফাটকা খেলেছিলেন তিনি, তা বুমেরাং হয়। বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে ফর্মেশনে বদল আনতে হয় তাঁকে। আর তাতেই ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় বার্সা।
এদিকে, হোসে মরিনহোর প্রশিক্ষণে রিয়াল মাদ্রিদের দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার ঘরের মাঠে সেলতা ভিগোর বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল লস ব্ল্যাঙ্কোস। সেই সুবাদে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচে জয় পেল মাদ্রিদের ক্লাবটি। রিয়ালের জয়ের নায়ক ২১ বছরের কার্লোস এস্পি। ম্যাচের ৭৮ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমেই জাল কাঁপান এই তরুণ অ্যাটাকার। উল্লেখ্য, চলতি মরশুমে এই নিয়ে তৃতীয়বার তাঁর শেষ মুহূর্তের গোলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এর আগে এস্প্যানিয়ল ও এলচের বিরুদ্ধে শেষ মুহূর্তে মাঠে নেমে স্কোরশিটে নাম তোলেন এস্পি। রিয়ালের অপর গোলটি জুড বেলিংহ্যামের। সেলতার একমাত্র গোলদাতা পাবলো দুরান। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল। লা লিগায় আরও এক রুদ্ধশ্বাস জয়ের পর পুরো কৃতিত্বই ফুটবলারদের দিলেন মরিনহো। একই সঙ্গে এস্পিকে সুপার-সাব হিসাবেই ব্যবহার করবেন বলে জানিয়ে দিলেন রিয়াল কোচ।
এদিকে, পরের মরশুমে ভারতে ইউরোপিয়ান ফুটবলের সব ম্যাচ বিনামূল্যে দেখানোর প্রতিশ্রুতি দিলেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। একইসঙ্গে রিয়ালের ক্লাব বোর্ডে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাফায়েল নাদাল।



