লন্ডন: বিপক্ষের ডেরায় শেষ ৬টি সাক্ষাতের মধ্যে চারটিতে হার। জয় মাত্র একটি। আর সর্বশেষ লড়াইটি শেষ হয় ২-২ গোলে। স্বাভাবিকভাবেই আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছে নিউকাসল রীতিমতো বিভীষিকার রূপ নিয়েছে। শনিবার অ্যাওয়ে ম্যাচে এবেরেচি এজের গোলে শুরুতে লিড নিয়েছিল গানাররা। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে নিউকাসল। হার্ভে বার্নস ও মালিক থিয়াওয়ের গোলে স্কোর দাঁড়ায় ২-১। এই পর্বে আরও এক হারের ভ্রুকূটি দেখা দেয় আর্সেনাল শিবিরে। তবে শেষ পর্যন্ত ৭৮ মিনিটে নোনি মাদুয়েকের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্তেতা ব্রিগেড। সেই সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখে লন্ডনের ক্লাবটি (১১ ম্যাচে ২৮ পয়েন্ট)। দল হার এড়ালেও নিউকাসলের গাঁট টপকাতে না পারায় হতাশ কোচ আর্তেতা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘গত ৬-৭ বছরের মধ্যে এদিন আমরা সবচেয়ে ভালো ফুটবল খেলেছি। তা সত্ত্বেও জিতে মাঠ ছাড়তে পারলাম না। এই ফল অবশ্যই হতাশার।’ এদিকে, পয়েন্ট নষ্টের দিনে গুরুতর চোট পেলেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। বাঁ কাঁধে চোট পেয়ে বেশ কিছুদিনের জন্য ছিটকে গেলেন এই অভিজ্ঞ দুর্গপ্রহরী।



