ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উপসাগরে ইন্টারনেটের কেবল নিশানা করার ছক তেহরানের
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৯:৩৩
Prefer us on Google

ওয়াশিংটন, ২৪ অক্টোবর: আবারও কী উত্তপ্ত হতে চলেছে পশ্চিম এশিয়ার যুদ্ধপরিস্থিতি? ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফ্লোরিডায় একটি জনসভায় তিনি জানান আমেরিকা চাইলে ফের ‘এপিক ফিউরি’ অভিযান শুরু করতে পারে। অপরদিকে আমেরিকা ও ইজরায়েল নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে সমুদ্রতলের ইন্টারনেট সংযোগকারী কেবলগুলিকে নিশানা করার পরিকল্পনা তৈরি করেছে তেহরান। ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত ছড়ানোর আশঙ্কা বাড়ছে।

Advertisement

ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা চাইলে দ্রুত যুদ্ধ শেষ করতে পারে। তবে সংঘাত অবিলম্বে থামানো হবে, নাকি ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিরোধিতা করেছে তুরস্ক ও ফ্রান্স-সহ একাধিক দেশ। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান জানান, নতুন হামলা হলে সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সেইসঙ্গে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী। 

জানা গিয়েছে, আমেরিকা ও ইজরায়েল ফের হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলিতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে ইরানের। এতে ইন্টারনেট পরিষেবা, আর্থিক লেনদেন, ই-কমার্স ও ক্লাউড পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা গিয়েছে। 
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে কেবল ক্ষতিগ্রস্ত হলেও বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবায় প্রভাব তুলনামূলক সীমিত হতে পারে। তবে একাধিক কেবল বিচ্ছিন্ন হলে সমস্যা বাড়তে পারে। সব মিলিয়ে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে জ্বালানি বাজারের পাশাপাশি বিশ্বজুড়ে ডিজিটাল পরিকাঠামোও বড়োসড়ো ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা।