তিব্বত: ভয়াবহ ভূমিকম্পের কবলে তিব্বত। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। আহত ৭৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির জেরে নিরাপদ জায়গায় সরানো হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার বাসিন্দাকে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিট নাগাদ কেঁপে ওঠে তিব্বতের নাগকু শহরের বাকেন কাউন্টি। উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটারেরও কম গভীরে। ফলে কম্পনের তীব্রতাও বেশি ছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ৩৩০টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব এখনও করে উঠতে পারেনি প্রশাসন। এখনও পর্যন্ত ১২ হাজার ৪৮৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও চলছে। দুর্যোগ মোকাবিলায় প্রায় ৭৫ লক্ষ মার্কিন ডলারের জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে চীন। ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে হাজারটি অস্থায়ী তাঁবু, ২ হাজার ৮২১টি বিছানা এবং ৪ হাজার ২৮০টি কম্বল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছিল। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাকেন কাউন্টির ১ হাজার ৯৩৭টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কিংহাই-তিব্বত রেলপথেও এদিন সকালে ধীর গতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।



