ওয়াশিংটন: মসনদে শ্বশুরমশাই। উপদেষ্টা জামাই। স্বার্থসিদ্ধির লক্ষ্যে তাই জামাইকে ‘উৎকোচ’ দিয়ে শ্বশুরের মন গলানোর চেষ্টা! নয়া রিপোর্ট ঘিরে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জেয়ার্ড কুশনার। ভ্যানিটি ফেয়ারের এই নয়া রিপোর্টে অভিযোগ, হোয়াইট হাউসের উপদেষ্টা পদে থাকাকালীন গোপন অ্যাকাউন্টের মাধ্যমে কুশনারের জন্য কাড়ি কাড়ি ডলার ঢেলেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইজরায়েলের নেতারা। বিনিময়ে ট্রাম্পের মন গলিয়ে নিজেদের এজেন্ডা পূরণের চেষ্টা করেছেন তাঁরা। ট্রাম্পের জামাইয়ের আইফোনে আড়ি পেতে গোপন অ্যাকাউন্টে এই বিশাল আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন ডাচ গুপ্তচররা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কুশনার। তাঁর দাবি, তদন্তমূলক সাংবাদিকতার অছিলায় সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, এটাকে সাংবাদিকতা বলে না। এটি কল্পনা, কল্পকাহিনির মিশ্রণ। এমন কোনো ব্যক্তি এটি লিখেছেন যিনি হয় মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা অসৎ উদ্দেশ্যে কাজ করছেন। ম্যাথু কোল-এর আসন্ন বই ‘প্রিন্সেস অ্যানড থিবস: জারেড কুশনার অ্যান্ড মহম্মদ বিন জাইদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’-এর অংশকে ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে।



