ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত, মৃত অন্তত ১৮, আহত বহু!
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৯:০১
Prefer us on Google

তিব্বত, ২৩ অক্টোবর: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বত। প্রবল কম্পনে কেঁপে উঠল বাড়িঘর, ভেঙে পড়ল একের পর এক ঘরবাড়ি। চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্পে এখনো পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মানুষ। 

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় এবং ফের রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বত অঞ্চলে আঘাত হানে ৭.০ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল নাগকু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে একটি পার্বত্য এলাকায়। আঞ্চলিক রাজধানী লাসা থেকে এলাকাটি প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের আঘাত গুরুতর। প্রাথমিকভাবে জানা গিয়েছে অন্তত ৩৩৯টি বাড়ি ভেঙে পড়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ৩০০-র বেশি পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারীরা। 

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও তিব্বতের গ্রামীণ তিংরি কাউন্টিতে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের প্রাকৃতিক বিপর্যয়ে কেঁপে উঠল এই অঞ্চল। এদিকে, চীনে আরও একটি ভূমিকম্পের খবর জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সংস্থার তথ্য অনুযায়ী, রাত ৮টা ২৯ মিনিটে ভারতীয় সময়ে ৫.২ মাত্রার ওই ভূমিকম্পটি হয়। এর উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।