ইউক্রেন-সংঘর্ষ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক ট্রাম্পের প্রতিনিধির
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে আরও এককদম এগল আমেরিকা। মঙ্গলবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফ। নরওয়েতে সেই বৈঠকের পর উইটকফ উড়ে যান সেন্ট পিটাসবার্গ। এরপর বুধবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। পুতিনের সঙ্গে বৈঠক শেষে উইটকফ বলেন, ‘আমার মনে হয়, এই আলোচনা অনেকটা এগিয়েছে। আশা করছি ইউক্রেন যুদ্ধের একটা সমাধান সূত্র বেরবে। শান্তি প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।’ ভারতও ইউক্রেন যুদ্ধ বন্ধে সব রকম প্রচেষ্টাকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ বন্ধে যে কোনো ইতিবাচক পদক্ষেপের পাশে রয়েছে ভারত।’ 

Advertisement

সূত্রের খবর, ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে আলাদা আলাদা বৈঠকের পর এবার আলোচনার জন্য তাদের একই টেবিলে আনার তোড়জোড় শুরু করেছে আমেরিকা। পুতিনকে সেই কথা জানানোও হয়েছে। রুশ প্রেসিডেন্ট আবার ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে ত্রিপাক্ষিক আলোচনায় চীনকেও শামিল করতে চাইছেন। পাশাপাশি রাশিয়ার সার যাতে আমেরিকা আমদানি করে, সেই আরজিও জানিয়েছেন পুতিন। 
বৃহস্পতিবারই রাশিয়া জানিয়েছে, জি ২০ সম্মেলনে পুতিনের যোগ দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেই ২০১৯ সাল থেকে পুতিন জি-২০ বৈঠকে ব্যক্তিগতভাবে হাজিরা এড়িয়ে চলেছেন। ২০২৩ সালে ভারতে এই বৈঠক চলার সময় তিনি ভার্চুয়ালি হাজির ছিলেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গত সেপ্টেম্বরে পুতিনকে জি ২০ বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘কেবল ট্রাম্পের সঙ্গেই নয় বিশ্ব নেতাদের সঙ্গে মতামত বিনিময়ের সুযোগ পাবেন পুতিন। আমরা মনে করছি, এই সুযোগ তাঁর গ্রহণ করা উচিত।’  আগামী ডিসেম্বরে মায়ামিতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিল আমেরিকা। এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, ‘এই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’