সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হত ভারতীয় সহ দুই
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। বুধবার রাতের এই ঘটনায় এক ভারতীয় সহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত আরও আটজন। জখমদের মধ্যে রয়েছেন ভারত, ইয়েমেন, বাংলাদেশ ও নেপালের নাগরিকরা। বিবৃতি দিয়ে রিয়াধের ভারতীয় দূতাবাস জানিয়েছে, দাম্মাম বিমানবন্দরের হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। আরও দু’জন জখম হয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি। দীর্ঘদিন ধরে সৌদির বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। বুধবার শায়বাহ ওয়েল ফিল্ডের একটি তেল শোধনাগারেও আক্রমণ করে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। তাতে প্রাণ হারিয়েছেন দু’জন। একইসঙ্গে এক ভারতীয় সহ আরও দু’জন জখম হয়েছেন। সূত্রের খবর, বিমানবন্দরে হামলার পিছনেও হুথিদের হাত রয়েছে। তবে সৌদির প্রশাসন হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট করেনি। বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, বুধবার রাতে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমাবন্দরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় দমকল। খালি করা হয় বিমানবন্দর। জখমদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

হামলার জেরে ব্যাহত হয় বিমান পরিষেবা। ফলে বিপাকে পড়েন বহু যাত্রী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে বিবৃতি দিয়ে সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, ‘হামলায় বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ এরইমধ্যে লোহিত সাগরে জুকার দ্বীপের কাছে হামলার মুখে পড়ল একটি নৌকা। ঘটনায় সৌদি আরবের উপর দায় চাপিয়েছে হুথিরা। জানা গিয়েছে, নৌকায় ১৪ জন ভারতীয় ছিলেন। বৃহস্পতিবার হুথিরা জানিয়েছে, ‘ইয়েমেনের শসস্ত্র বাহিনী নৌকায় থাকা ১৪ জন ভারতীয়কে উদ্ধার করেছে। এবিষয়ে বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে। শত্রু সৌদির এই বেপরোা হামলায় লোহিত সাগরে যাতায়াত ব্যাহত হচ্ছে।’