ওয়াশিংটন: ভেনেজুয়েলার পর এবার কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সমাজমাধ্যমে এক পোস্টে তিনি কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই হাভানাকে একটি চুক্তিতে আসার পরামর্শও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল এবং অর্থের উপর টিকে ছিল। বিনিময়ে তারা ভেনেজুয়েলার গত দুই স্বৈরাচারী শাসককে ‘নিরাপত্তা’ পরিষেবা দিয়েছে। কিন্তু আর নয়! এখন থেকে কিউবায় কোনও তেল বা টাকা যাবে না! তাই বলছি, অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে একটি চুক্তিতে আসুন।’ তবে কী ধরনের চুক্তির কথা তিনি বলছেন বা কিউবা চুক্তি না-করলে কী ধরনের পরিণতি হতে পারে—তা স্পষ্ট করেননি ট্রাম্প। উল্লেখ্য, কিউবা প্রতিদিন ভেনেজুয়েলা থেকে প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল ভর্তুকি মূল্যে পেয়ে আসছিল। ট্রাম্পের এই ঘোষণার ফলে দ্বীপরাষ্ট্রটি চরম জ্বালানি সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।



