নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে আরেকটি নতুন উদ্দ্যোগ। এইবার কলকাতা পুলিশের অধীনে নতুন একটি র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফ ব্যাটেলিয়ন গঠনের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, নতুন এই ব্যাটেলিয়নের জন্য মোট ৭৩৮টি নিয়মিত পদে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসব, মিছিল, সমাবেশ, নির্বাচন-সহ বড়ো ধরনের জনসমাগম সামাল দেওয়া এবং সাম্প্রদায়িক অশান্তি, জঙ্গি কার্যকলাপ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সেইসঙ্গে ভিআইপিদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে।
নতুন ব্যাটালিয়নে ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবল-সহ বিভিন্ন পদ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি চুক্তিভিত্তিক ১০ জন পুলিশ ড্রাইভার, ১৫ জন রাঁধুনি এবং ২৭ জন পার্ট টাইম কর্মবন্ধু নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পদে নিয়োগ করা হবে প্রচলিত নিয়ম মেনে।



