ভোপাল এটিএসের হাতে ধৃত আফগান নাগরিকদের পাসপোর্ট তৈরির মূল চাঁই
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় বসে জাল ভারতীয় নথি তৈরি করে দেশের বিভিন্নপ্রান্তে থাকা আফগান নাগরিকদের পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে কলকাতা থেকে মূল চাঁইকে গ্রেপ্তার করল ভোপালের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। ধৃত আব্দুল বারিও আফগানিস্থানের নাগরিক। সেও ভুয়ো ভারতীয় নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করেছিল। অভিযুক্ত টালা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার আব্দুলকে ভোপাল নিয়ে গিয়েছে এটিএস।

Advertisement

২০২৫ সালের আগস্ট মাসে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে সোবত খান নামে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করে এটিএস। তাকে জেরা করে আরও ১১ জন আফগান নাগরিকের খোঁজ পান এটিএসের অফিসাররা। জানা যায়, এরমধ্যে ছজন কলকাতায় লুকিয়ে রয়েছে। ভোপাল এটিএস কলকাতায় এসে পাঁচ আফগান নাগরিককে গ্রেপ্তারও করে। তারা জাল ভারতীয় নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ভারতে থাকছিল। মধ্যপ্রদেশের একটি মঠের ঠিকানায় ৪০টি পাসপোর্ট ইস্যু করা হয়। তদন্তে উঠে আসে কলকাতা থেকে সিংহভাগ পাসপোর্ট বেরিয়েছে। এখানকার বিভিন্ন ঠিকানায় তৈরি হয়েছে জাল আধার, ভোটার, প্যানকার্ডসহ বিভিন্ন নথি। এগুলি জমা পড়েছে পাসপোর্ট আবেদনের সময়। কলকাতায় বসে এই কাজ করছে আব্দুল বারি নামে এক আফগান নাগরিক। তার কাছে আফগানিস্থানের সঙ্গে ভারতীয় পাসপোর্ট রয়েছে। কলকাতায় তৈরি করা জাল নথি দিয়ে সেটি ইস্যু করা হয়েছে।ভোপাল এটিএস জানতে পারে, টালা এলাকার ঘর ভাড়া নিয়ে থাকছে অভিযুক্ত। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করছে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা আফগান নাগরিকরা। এদের সিংহভাগের ভারতে থাকার ভিসার মেয়াদ ফুরিয়েছে। বেআইনিভাবে তারা এদেশে রয়েছে। তাদের নামে জাল আধার, প্যানসহ বিভিন্ন ভারতীয় নথি টাকার বিনিময়ে তৈরি করে দিচ্ছে আব্দুল। এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত বের করছে তাদের নামে। মোবাইল নম্বর জোগাড় করে তদন্তকারীরা তার অবস্থান চিহ্নিত করেন। এরপরই সোমবার ভোপাল এটিএসের টিম কলকাতায় পৌঁছয়। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে আব্দুলকে। তাকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, কলকাতায় সে জাল নথি তৈরির ইউনিট খুলেছিল। ঘরে বসেই জাল আধার, প্যানসহ বিভিন্ন নথি তৈরি করত। তা দিয়ে পাসপোর্ট তৈরি করত। পাসপোর্ট অফিসের কারও যোগসাজসে সে এই কাজ করত বলে মনে করছেন তদন্তকারীরা।