নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলের (পিটিএস) ভিতর আত্মঘাতী হলেন কমব্যাটের এক কনস্টেবল। বিপ্লব বর্মন (২৫) নামে ওই পুলিশকর্মীকে ব্যালকনি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে আলিপুর থানা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবারিক কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে জেনেছে থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের বাসিন্দা বিপ্লব ২০১৭ সালে কলকাতা পুলিশে চাকরি পান। তিনি কমব্যাটে পোস্টিং ছিলেন। আলিপুরে পিটিএসেই থাকতেন। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ এএসআই রাকিউদ্দিনের নজরে আসে, সেকেন্ড ফ্লোরের করিডরের শেষ মাথায় ব্যালকনিতে একজন ঝুলছেন। সঙ্গে সঙ্গে তিনি পিটিএসের আধিকারিকদের খবর পাঠান। তাঁরা এসে ওই পুলিশকর্মীকে চিহ্নিত করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর থানায়। পুলিশ এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। মঙ্গলবার পরিবারের লোকজন কলকাতায় এসে পৌঁছান। তাঁদের সঙ্গে কথা বলে অফিসাররা জেনেছেন, পরিবারে অশান্তি চলছিল। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে একপ্রস্থ কথাকাটাকাটি হয় বলে প্রাথমিকভাবে পুলিশ জেনেছে। তারপরই তিনি আত্মঘাতী হন। তবে ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।



