দেড় মাসে ওয়েভার স্কিমে আদায় মাত্র ২৭ কোটি, চিন্তায় পুরকর্তারা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টার্গেট কয়েকশো কোটি টাকা। কিন্তু প্রায় দেড় মাসে আদায় হয়েছে মাত্র কয়েক কোটি! গত দেড় মাসে কলকাতা পুরসভার চালু করা ওয়েভার স্কিমে ঘরে এসেছে প্রায় ২৭ কোটি টাকা। এখনও এই স্কিম শেষ হতে সাড়ে চার মাস বাকি। কিন্তু বকেয়া আদায়ের এই অঙ্ক মোটেও সন্তোষজনক নয় বলেই জানাচ্ছেন পুরসভার কর্তারা। স্বভাবতই তাঁদের চিন্তা বাড়ছে। মঙ্গলবার ওয়েভার স্কিমের রিভিউ বৈঠক করেন পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ওয়েভার নিয়ে আরও জোরদার প্রচার চালানো হবে। সেই মতো আধিকারিকদের তেড়েফুঁড়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগ সূত্রে খবর, গত ৮ অক্টোবর থেকে চালু হওয়া ওয়েভার স্কিমে এখনও পর্যন্ত (১৬ নভেম্বর) আদায় হয়েছে ২৬.৮৮ কোটি টাকা। ইতিমধ্যে ওয়েভার স্কিমের প্রচারে বকেয়া বিল নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন পুরকর্মীরা। করদাতাদের মেসেজ পাঠানো হচ্ছে। ফোন করা হচ্ছে। ওয়েভারের ফর্ম নিয়ে কিংবা বকেয়া বিল নিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যাচ্ছেন পুরকর্মীরা। অটোতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তারপরও ওয়েভার স্কিমে করদাতাদের অংশগ্রহণ সন্তোষজনক নয়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের বক্তব্য, উৎসবের মরশুমে স্বাভাবিক কারণেই রাজস্ব আদায়ের পরিমাণ কমে যায়। করদাতারা এই সময় ট্যাক্স নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আবার কর সংগ্রহ বেড়ে যায়। তাই আশা করা যায়, বাকি সাড়ে চার মাসে বিপুলসংখ্যক সম্পত্তি করদাতা এই ওয়েভার স্কিমের সুবিধা নেবেন।