নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রী নিগ্রহে অভিযুক্ত এক শিক্ষকের কাজে যোগ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ধুন্ধুমার বাধল পাঠভবন স্কুলে। ইতিহাসের ওই শিক্ষককে ঘিরে এদিন প্রতিবাদে শামিল হন অন্যান্য শিক্ষক এবং ছাত্রছাত্রী, অভিভাবকরপা। প্রাক্তনীরাও যোগ দেন প্রতিবাদে। ঘেরাও করে রাখা হয় ওই শিক্ষককে। অভিযোগ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাঁদের। দ্বাদশ শ্রেণির এক ছাত্র অভিযোগ করে, পড়ুয়াদের গায়ে হাত তুলেছে পুলিশ। যদিও পুলিশের তরফে অভিযোগ স্বীকার করা হয়নি। শেষ পর্যন্ত কাজে যোগ না দেওয়ার মুচলেকা দিয়ে রাতের দিকে ছাড়া পান ওই শিক্ষক।
প্রতিবাদকারীদের বক্তব্য, পকসো মামলায় অভিযুক্ত ওই শিক্ষক আগাম জামিন পেয়েছেন। অক্টোবরে আদালতে তাঁর সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্তও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষকে। তবে সাসপেনশন প্রত্যাহারের কথা বললেও ক্লাস নেওয়ার কথা বলেনি আদালত। সেই নির্দেশের অপব্যাখ্যা করে ওই শিক্ষককে দিয়ে সাধারণ ক্লাস করাতে চাইছে কর্তৃপক্ষ। ছাত্রীদের স্বস্তি ও সুরক্ষা নিশ্চিত করতেই ওই শিক্ষককে আর স্কুলে চাইছেন না প্রতিবাদীরা। এক শিক্ষিকা বলেন, ‘শুধু ছাত্রী নয়, উনি অন্যান্য শিক্ষিকার সম্পর্কেও নানা কুরুচিকর মন্তব্য করতেন। তাই শিক্ষিকারাও তাঁকে সেভাবে স্কুলে চাইছেন না।’ অভিযোগ, মার্চ মাসে গভীর রাতে এক ছাত্রীকে অশ্লীল মেসেজ করেছিলেন ওই শিক্ষক। অনেক পরে বষিয়টি জানাজানি হয়। সোশ্যাল মিডিয়ায়ও এনিয়ে হইচই হয়েছিল। অবশেষে ৩০ সেপ্টেম্বর সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। ১০ অক্টোবর আদালতের নির্দেশে তা প্রত্যাহার করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় বলেন, ‘আদালতের নির্দেশে তাঁর সাসপেনশন প্রত্যাহার করা হলেও তাঁকে বলেছিলাম, পড়ুয়াদের সংস্পর্শে তাঁকে যেতে দেওয়া হবে না। এদিন তিনি স্কুলে আসায় সবাই ক্ষোভ উগরে দিয়েছেন।’ যদিও পড়ুয়া ও শিক্ষকদের একাংশ এক্ষেত্রে কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তাদের বক্তব্য, আদালতের নির্দেশের অপব্যাখ্যা করে তাঁকে স্কুলে এনেছে কর্তৃপক্ষের একাংশই।



