কলকাতায় পার্কিং সমস্যার সমাধানে পার্কোম্যাট গড়ার প্রস্তাব প্রধান বিচারপতির
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় কার পার্কিং নিয়ে সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে সমস্যা সমাধানে ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। দক্ষিণ কলকাতার আলিপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের পার্কিংয়ের জন্য সমস্যায় পড়তে হচ্ছে পাশের আবাসনের আবাসিকদের। এনিয়ে বিতর্কের জল গড়ায় হাইকোর্টে। সেই মামলার সূত্রেই পার্কিং সমস্যার সমাধানে ‘পার্কোম্যাট’ তৈরির প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Advertisement

মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি নিজের শহর মুম্বইয়ের কথা উল্লেখ করে বলেন, ‘সেখানেও পার্কিং সমস্যা রয়েছে। এর সমাধানে পুরসভা পার্কোম্যাট তৈরি করেছে। দক্ষিণ কলকাতার ওই হাসপাতালের পার্কিং সমস্যায় সেরকম কিছু ভাবতে পারে কলকাতা পুরসভা, হাসপাতাল কর্তৃপক্ষ।’ পাশাপাশি বেসরকারি হাসপাতাল তার কর্মচারী থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্যদের গাড়ি পার্কিংয়ের জন্য কী কী পদক্ষেপ করেছে, তা নিয়েও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী বছরের ১৮ জানুয়ারি ফের এই মামলার শুনানি। তবে এই মামলার সূত্রেই গোটা শহরের পার্কিং সমস্যার প্রসঙ্গ উঠে আসে। মামলার শুনানির সময় আদালতে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতা শহরের পার্কিং সমস্যা অত্যন্ত গুরুতর। বিশেষ করে দক্ষিণ কলকাতায়। সমস্যার সমাধান প্রয়োজন। মোটর ভেহিকল আইন অনুযায়ী কেউ গাড়ি কিনলে, তাঁকেই গাড়ি রাখার উপযুক্ত গ্যারাজের ব্যবস্থা করতে হয়। রাস্তার উপর গাড়ি রাখা যায় না। এই আইন বাস, লরিসহ সমস্ত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু রাতের কলকাতায় দেখা যায়, রাস্তার দুধারে গাড়ি পার্কিং, বাস পার্কিং, এমনকি লরিও পার্কিং করে রাখা হয়।’ অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যও পার্কিং সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, ‘পুরসভার পক্ষ থেকে বিষয়টি নিয়ে পরিকল্পনা করার চিন্তাভাবনা চলছে।’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বড়ো বড়ো শহরগুলিতেও পার্কিং সমস্যা রয়েছে। মুম্বইয়ে লীলাবতী, টাটা ক্যানসার হাসপাতালসহ বহু প্রতিষ্ঠানের সামনেই এই সমস্যা ছিল। সেখানে পার্কোম্যাট তৈরি করে তার উপর দিয়ে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে কলকাতায়ও এই ধরনের জায়গায় ওই একই ব্যবস্থা করা যেতে পারে।’