নিউ ইয়র্ক: ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধ চরমে নিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ কর চাপিয়েছেন তিনি। এবার আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থাগুলির কাজ ভারতে আউটসোর্সিং বন্ধ করতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। এমনই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তথা দক্ষিণপন্থী লরা লুমের।
সূত্রের খবর, একাধিক মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানি তাদের কাস্টমার সার্ভিস সহ বেশ কিছু কাজকর্ম অনেক কম খরচে ভারতীয় সংস্থাগুলিকে দিয়ে করিয়ে নেয়। একে সাধারণত ‘আউটসোর্সিং’ বলা হয়। এর ফলে ভারতেরও প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো। এবার এতেও কাঁচি চালাতে তৎপর আমেরিকার প্রেসিডেন্ট। এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন লুমের। তিনি লিখেছেন, মার্কিন সংস্থাগুলির ভারতে আউটসোর্সিং বন্ধ করার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন ট্রাম্প। অন্যভাবে বললে, ইংরেজিতে কথা বলার জন্য আর ২ নম্বর সুইচ চাপতে হবে না (প্রেস টু ফর ইংলিশ)। কলসেন্টারগুলিকে ফের আমেরিকায় গড়ে তোলা হোক। এদিন আউটসোর্সিং ব্যবস্থাকেও কটাক্ষ করেছেন ট্রাম্প ঘনিষ্ঠ লুমের। অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ইংরেজি ভাষাই জানে না এমন লোকেদের সঙ্গে এই ভাষায় কথা বলার জন্য ২ নম্বর বোতাম টিপতে হতো। প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরে সেই দিন শেষ হতে চলেছে। এটা খুবই আনন্দের বিষয়। প্রসঙ্গত, মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির কাস্টমার সার্ভিসের অনেকটাই ভারতীয় কোম্পানিগুলিই করে। এতে খরচও অনেকটাই বাঁচে। সেক্ষেত্রে আমেরিকার বাসিন্দারা কোনও সাহায্যের জন্য ফোন করলে ‘প্রেস ওয়ান ফর স্প্যানিশ, প্রেস টু ফর ইংলিশ’ শুনতে পান। ভারতীয় সংস্থাগুলিও মার্কিন গ্রাহকদের জন্য কর্মীদের আলাদা প্রশিক্ষণ দেয়। কিছু ক্ষেত্রে কর্মীদের নাম ও উচ্চরণ মার্কিনিদের মতো করতে বিশেষ জোর দেওয়া হয়। ট্রাম্প সেই পরিষেবা বন্ধ করতে চাইছেন, দাবি করেছেন লুমের।