ওয়াশিংটন: ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আলাস্কায় বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। এই আবহে সক্রিয় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। এবার সরাসরি পুতিনকে ‘শান্তিপত্র’ পাঠালেন তিনি। তাতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের হাজার হাজার শিশুর কথা ভেবে অবিলম্বে যুদ্ধে ইতি টানতে রুশ প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন মার্কিন ফার্স্ট লেডি। তাঁর কথায়, পেনের সামান্য একটি খোঁচায় আপনি ওই শিশুদের রক্ষা করতে পারেন। মেলানিয়া মনে করিয়ে দিয়েছেন, শিশুরা ভৌগোলিক, প্রশাসনিক ও আদর্শগত অবস্থানের ঊর্ধ্বে। তাঁর এই চিঠি কূটনৈতিক ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
১৫ আগস্ট সরকারি লেটারহেডেই চিঠিটি লিখেছিলেন মেলানিয়া। প্রেসিডেন্ট পুতিনকে ‘ডিয়ার’ বলে সম্বোধন করেছেন তিনি। জানা গিয়েছে, ট্রাম্পের হাত দিয়েই ওই চিঠি পাঠিয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি। আলাস্কায় বৈঠকের ফাঁকে সেই ‘শান্তিপত্র’ পুতিনের হাতে তুলে দেন আমেরিকার প্রেসিডেন্ট। তাতে মেলানিয়া লিখেছেন, যুদ্ধবিধ্বস্ত মফঃস্বল হোক কিংবা বিলাসবহুল শহর—যেখানেই জন্ম হোক না কেন, প্রতিটি শিশুই স্বপ্ন দেখতে ভালোবাসে। ভালোবাসায় পূর্ণ, সম্ভাবনাময় ও বিপন্মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে তারা। তাই অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে এই আশাকে বাঁচিয়ে রাখা। রাষ্ট্রনেতা হিসেবে এটা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। ‘শান্তিপত্রে’ মার্কিন ফার্স্টলেডি আরও জানিয়েছেন, আমাদের সকলকে একসঙ্গে একটি সম্মানজনক বিশ্ব গড়তেই হবে, যেখানে প্রত্যেকে শান্তিপূর্ণ পৃথিবীতে সকাল দেখতে পারবে। তাতে আমাদের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে। মেলানিয়ার বার্তা, অনিশ্চিত ভবিষ্যৎ ও অন্ধকার থেকে এই নির্দোষ, সরল শিশুদের রক্ষা করলে আপনি শুধু রাশিয়াই নন, গোটা মানবতার সেবা করতে পারবেন। সূত্রের খবর, ডোনাল্ড ট্রাম্প চিঠিটি দিতেই পুতিন সঙ্গে সঙ্গে সেটি পড়েছেন।