সংবাদদাতা, ময়নাগুড়ি: কয়েক মাস আগেও যেখানে প্রতিনিয়ত ছিল দলীয় কর্মীদের ভিড় লেগে থাকত। একের পর এক নেতার আনাগোনা ছিল সারাক্ষণ। এখন সেই জায়গাই কার্যত ভুতুড়ে বাড়ির রূপ নিয়েছে। এমনই পরিস্থিতি ময়নাগুড়ি শহরের তৃণমূলের দলীয় কার্যালয়ের। বিধানসভা ভোটের পর থেকে প্রায় তালা বন্ধ অবস্থায় রয়েছে এই কার্যালয়। এমনকি বিদ্যুৎ সংযোগও নেই। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, বিদ্যুতের বিল ৫০ হাজার টাকা বাকি থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ময়নাগুড়ি পুরসভার প্রায় পাঁচ বছর হতে চলল। বছর ঘুরলেই পুরসভা নির্বাচন রয়েছে। এরই মাঝে দলীয় কার্যালয়ে পা বাড়াতে পারছেন না তৃণমূল নেতারা।
ময়নাগুড়ির প্রাক্তন পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন, যারা যে সময় দায়িত্বে ছিলেন তারা বিলের ব্যাপারটি সেভাবে দেখেননি। সে কারণেই ৫০ হাজার টাকার মতো বিদ্যুৎ বিল বাকি হয়ে গিয়েছে। ভোটের পর দলীয় কার্যালয় খোলার চেষ্টা হয়েছিল। কিন্তু তাতে আমাদের এক নেতাকে হুমকির শিকার হতে হয়েছে। উপর মহলের নির্দেশের উপর এখন সবকিছু নির্ভর করছে।
ময়নাগুড়ির তৃণমূল নেতা শিব শঙ্কর দত্ত বলেন, বিদ্যুৎ বিল দিয়ে দেওয়া উচিত ছিল।আমরা দফায় দফায় সেই বিদ্যুৎ বিল মেটানোর চেষ্টা করব। যেহেতু সন্ধ্যার সময় সকলে পার্টি অফিসে আড্ডা মারতো। এখন লাইন না থাকার কারণে সেভাবে পার্টি অফিস খোলা হচ্ছেনা।



