শিলিগুড়িতে পানীয় জলের সংকট অব্যাহত বিজেপি কো-অর্ডিনেটরদের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের জল সংকট অব্যাহত। বুধবারও শহরের সর্বত্র পানী‌য় জল সরবরাহ হয়নি। ফলে দোকান থেকে জল কিনে খেতে হয়েছে একাংশ নাগরিককে। এই অবস্থায় বিজেপির ওয়ার্ড কো-অর্ডিনেটরদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নাগরিকদের অভিযোগ, এমন সংকটের ময়দানে দেখা যায়নি শাসকদলের কো-অর্ডিনেটরদের। শাসকদলের নেতারা অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

Advertisement

মঙ্গলবার সেচদপ্তর আচমকা তিস্তা ব্যারেজ ও লিঙ্ক ক্যানেলের লকগেট সংস্কার কাজে হাত দেয়। এরজেরে তিস্তা নদীর লিঙ্ক ক্যানেল শুকিয়ে যায়। ফলে শহরে পানীয় জল সরবরাহ ব্যাহত হয়। সেই ঘটনার জের বুধবারও অব্যাহত ছিল। এদিন সকালে কিছু এলাকায় অল্প সময়ের জন্য নলবাহিত পরিস্রুত জল সরবরাহ করা হয়। অনেক জায়গার জলের ফোর্স ছিল না। আবার কিছু জায়গায় জলই সরবরাহই হয়নি। ফলে এদিন জল কিনে খান অনেকে। 
শহরের গোষ্ঠ পাল মূর্তির কাছে একটি ওয়াটার এটিএমের সামনে দাঁড়িয়ে হামিকপাড়ার গোপাল সাহা, হায়দরপাড়ার দুলাল দত্ত বলেন, দু’দিন ধরে পুরসভার সরবরাহ করা জল আসছে না। তাই ২০ টাকায় পাঁচ লিটার করে জল কিনছি। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট জমানাতেও এই সমস্যা ছিল। সরকার বদলের পর এখনও এই সমস্যা আছে। এটা মানা যায় না। 
পুরসভার এক অফিসার অবশ্য বলেন, ক্যানেলে জল এসেছে। তা পরিস্রুত করে শহরে সরবরাহ করা হয়েছে। ইনটেক ওয়েলের কাছে পর্যাপ্ত পরিমাণ জল না থাকায় এদিনও কিছু এলাকায় জল সরবরাহ হয়নি। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠানো হয়েছে। পুর কমিশনার বন্দবাসি তেজা দীপক বলেন, আগাম পুরসভায় না জানিয়ে ব্যারেজের লকগেট সংস্কারের কাজ করা যাবে না বলে সেচদপ্তরকে জানানো হয়েছে। এজন্য একটি সমন্বয় কমিটিও তৈরি হচ্ছে। পানীয় জলের সমস্যা শীঘ্রই মিটবে বলেই আশা করছি। 
‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান দিচ্ছে বিজেপি। তারা নাগরিকদের পাশে দাঁড়াতে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করেছে। কিন্তু, পানীয় জলের সংকট মোকাবিলায় তাঁদের সক্রিয়তা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ। নাগরিকদের একাংশের বক্তব্য, দু’দিন ধরে চাহিদা মতো জল না মিললেও বিজেপির কো-অর্ডিনেটররা খোঁজই নিচ্ছেন না। কাজেই, এঁদের ভরসা করার বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে। 
বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল অবশ্য বলেন, জল সমস্যার বিষয়টি প্রশাসন দেখছে। তা হলেও এ ব্যাপারে খোঁজখবর নেব। তবে ওয়ার্ড কো-অর্ডিনেটররা নিজেদের দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি।