সংবাদদাতা, কৃষ্ণনগর: মঙ্গলবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার শেষ দিনে বিসর্জন ঘাটে ঘটল বিপত্তি। ঘাটে পৌঁছতেই ঘূর্ণি শরৎ স্মৃতি সংঘের জগদ্ধাত্রী প্রতিমার সিংহের গায়ে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় উপস্থিত দর্শনার্থী ও উদ্যোক্তাদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন ক্লাবের সদস্য, সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মীরা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।
মঙ্গলবার ছিল কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিনের বিসর্জন শোভাযাত্রা। এদিন গাড়িতে করে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নাচ, গান ও নানা বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে এগিয়ে চলে একের পর এক প্রতিমার শোভাযাত্রা। রাজবাড়ি থেকে বিসর্জন ঘাট পর্যন্ত রাস্তার দু›ধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। বিসর্জন দেখতে দর্শনার্থীদের ভিড় যত বাড়তে থাকে, ততই তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় প্রশাসনকে।
এদিন প্রীতি সম্মিলনীর বিসর্জন শোভাযাত্রায় সানাইয়ের সুর বিশেষভাবে নজর কাড়ে। পাশাপাশি চৌধুরীপাড়া থেকে ক্লাব রেনবো-সহ একাধিক পুজো উদ্যোক্তাদের বর্ণাঢ্য শোভাযাত্রাও দর্শনার্থীদের মন জয় করে। সব মিলিয়ে উৎসবের আবহেই এগিয়ে চলেছিল বিসর্জন পর্ব।
এরই মধ্যে ঘূর্ণি শরৎ স্মৃতি সংঘের প্রতিমা বিসর্জন ঘাটে পৌঁছতেই ঘটে বিপত্তি। আচমকা প্রতিমার সিংহের গায়ে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও উপস্থিত বিভিন্ন ক্লাবের সদস্য, সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ঘটনা প্রসঙ্গে ঘূর্ণি শরৎ স্মৃতি সংঘের সেক্রেটারি মিলন ঘোষ বলেন, আগুনটা হঠাৎ করে লেগেছে। একটা বাচ্চা ছেলে তার হাতে বাজি জ্বালানি দ্রব্য কিছু ছিল। সেটা ধরাতে গিয়ে ছিটকে গিয়ে আচমকাই আগুন লেগে যায়। এমনি কেউ আগুন লাগিয়েছে এমন কিছু নয়। ভুলবশত কোনোভাবে ঘটে গিয়েছে।
বিক্রম দে নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, ঘটনাটি আচমকাই ঘটে যায়। আগুন লাগার পর প্রথমে কিছুটা হইচই শুরু হলেও ক্লাবের সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে আসেন। পুলিশ প্রশাসনও হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যায়।
বিসর্জনের শেষ দিনে এমন অপ্রত্যাশিত ঘটনায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘাটে উপস্থিত দর্শনার্থী ও পুজো উদ্যোক্তাদের মধ্যে। তবে বিপদের মুহূর্তে সকলে একজোট হয়ে আগুন নেভানোর কাজে এগিয়ে আসায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



