নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে হবে। কোচবিহারে রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার পুলিশ সুপারকে এমনই স্পষ্ট নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কোচবিহার শহরের এমজেএন স্টেডিয়াম থেকে বুধবার দু’শো বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চেই উপস্থিত ছিলেন কোচবিহারের ডিএম, এসপি। মঞ্চে ভাষণ রাখার সময় কোচবিহারের পুলিশ সুপার মণীশ যোশির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এসপি শুনে রাখুন, এই জেলাতে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে ফেরত পাঠাতে হবে, তাড়াতে হবে। আর যাঁরা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন, হিন্দুরা, তাঁরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী। তাঁদের আশ্রয় দিতে হবে।
সীমান্ত সুরক্ষা নিয়ে এদিন পুলিশ সুপারকে আরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, বর্ডারে বিএসএফের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জমি দিয়ে দিয়েছি। যতটা বেড়া বাকি ছিল, সম্পূর্ণ হবে। সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজার চাষ, জাল নোটের কারবার, নিষিদ্ধ কাফ সিরাপ এবং মাদক পাচার সব বন্ধ করতে হবে।
অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও এদিন সরকারের কঠোর মনোভাব স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার যদি একটাও দিদি, বোন, কন্যার উপরে কেউ আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।
বিরোধী দলনেতা থাকাকালীন কোচবিহারে তাঁর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে সবশেষে মুখ্যমন্ত্রী বলে যান, আমি অনেক সহ্য করেছি। খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। ছবিগুলো আমার গোছানো আছে। তাঁর হুঁশিয়ারি, জানবেন, উন্নয়নও হবে। হিসাবও হবে।



