বলরাম দত্তবণিক, রামপুরহাট: চরম আর্থিক অনটন ও নানা প্রতিকূলতাকে সঙ্গী করে সাফল্যের নজির গড়লেন সাঁইথিয়ার জিউই গ্রামের যুবক জিৎ মাহারা। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের এই ছাত্র এনসিসি’র ১৫ নম্বর ব্যাটালিয়নের প্রতিনিধি হয়ে বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং কোর্সে অংশ নিয়েছিলেন। দার্জিলিং ও সিকিমের কঠিন প্রশিক্ষণ পর্ব পেরিয়ে জোড়া সাফল্যে এখন এলাকায় প্রশংসার আলোয় জিৎ।
জানা গিয়েছে, গত ২১ অক্টোবর থেকে দার্জিলিংয়ে বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং কোর্স শুরু হয়। ৪ ও ৫০ নম্বর ব্যাটালিয়ান থেকে দুই ছাত্র ও দুই ছাত্রী সেই শিবিরে যোগ দিলেও ১৫ নম্বর ব্যাটালিয়ান থেকে জিৎ একাই অংশ নেন। দার্জিলিংয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় সফলভাবে উতরে যাওয়ার পর জিৎ সহ নির্বাচিতদের সিকিমে উচ্চতর প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়। ১৭ নভেম্বর পর্যন্ত চলা সেই শিবির চলাকালীন জিৎ প্রায় ৫,০৩০ মিটার উচ্চতার রেনক মাউন্ট জয় করেন। দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়া সামলে তাঁর এই পর্বতারোহণ সাফল্য নজর কেড়েছে সকলের।
প্রশিক্ষণ শিবির থেকে ফিরে আসার পর আয়োজিত ২৫ ফুট স্পোর্টস ক্লাইম্বিং বা রক ক্লাইম্বিং প্রতিযোগিতাতেও নিজের দক্ষতার ছাপ রাখেন তিনি। সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জেতেন জিৎ।
জিতের এই সাফল্যের পথ মোটেও মসৃণ ছিল না। অত্যন্ত দুঃস্থ পরিবারের সন্তান তিনি। তাঁর বাবা পেশায় টোটো চালক। বাড়িতে মা, বাবা, ভাই ও দাদু রয়েছেন। বাবার সামান্য আয়ের উপরেই নির্ভর করে গোটা পরিবারের সংসার চলে। নিত্যদিনের টানাপড়েনের মাঝেও পড়াশোনা ও প্রশিক্ষণ চালিয়ে গেছেন জিৎ। দুদিন আগেই তিনি বাড়ি ফিরছেন। এদিন মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দার্জিলিংয়ের ক্যাম্প থেকে সিকিমের প্রশিক্ষণ—প্রতিটি ধাপই কঠিন ছিল। রেনক মাউন্টে ওঠা আর ফেরার পর ২৫ ফুট স্পোর্টস ক্লাইম্বিংয়ে প্রথম হওয়া আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। বাড়ির আর্থিক কষ্টের কথা মাথায় রেখেই নিজেকে তৈরি করছি, যাতে একদিন দেশের সেনাবাহিনীতে জায়গা করে নিতে পারি। ১৫ নম্বর ব্যাটালিয়নের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার নির্মল মণ্ডল বলেন, ‘১৫ নম্বর ব্যাটালিয়ান বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য পাচ্ছে। জিৎ মাহারাকে আমরা সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ জিতের এই কৃতিত্বে খুশি তাঁর বাবা লক্ষীকান্ত মাহারা ও এলাকার বাসিন্দারা। নিজস্ব চিত্র



