মদনমোহনকে পুজো, রাসচক্র ঘুরিয়ে মন্দির সংস্কার কাজের সূচনা মুখ্যমন্ত্রীর
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপ বর্মন, মাথাভাঙা: কোচবিহারের দু’শো বছরের পুরনো ঐতিহ্যবাহী রাসমেলায় এসে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার র‌্যালি শেষে মুখ্যমন্ত্রী যখন মদনমোহন মন্দিরে প্রবেশ করলেন সূর্য তখন পশ্চিম আকাশে। আবেগঘন মুহূর্তে প্রধান পুরোহিতের তত্ত্বাবধানে পুজো দিয়ে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে আরতি দেন মুখ্যমন্ত্রী। সামনের দিকে সেই সময়ে প্রশাসন, পুলিশ আধিকারিকরা ছাড়াও ছিলেন কয়েকজন দলীয় পদাধিকারী ও সমর্থক। 

Advertisement

এরপর মন্দির চত্বরে বৃক্ষরোপণ করে রাসচক্র ঘোরান মুখ্যমন্ত্রী। তখন চারদিক থেকে ভেসে আসে উলুধ্বনি। এরপর মুখ্যমন্ত্রী মন্দির চত্বরেই উদ্বোধন করেন মদনমোহন মন্দিরের সংস্কার কাজের। হেরিটেজ মদনমোহন মন্দির চত্বর সংস্কার করার প্রতিশ্রুতি বহুদিনের। এদিন কাজের সূচনা হওয়ায় উচ্ছ্বসিত দেবত্তোট্রাস্ট বোর্ডের সদস্যরা। তখন মন্দির চত্বরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, জেলাশাসক জিতিন যাদব প্রমূখ। মুখ্যমন্ত্রী যখন মন্দিরে পুজো দিচ্ছিলেন, সেই সময়ে ঐতিহ্য বজায় রেখে মাইকে বাজছিলো মৃদুস্বরে সানাইয়ের সুর। মন্দির চত্বরের সমস্ত কর্মসূচি সম্পন্ন করে রাসমেলা মাঠের সাংস্কৃতিক মঞ্চে চলে যান মুখ্যমন্ত্রী। 
মদনমোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী বলেন, এদিন মুখ্যমন্ত্রী এলেন, পুজো দিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। সকলের মঙ্গল কামনা করেছেন। আমরা ভীষণ খুশি। মন্দিরের সংস্কার কাজেরও সূচনা হয়েছে। 
এদিন রাজার শহরে মুখ্যমন্ত্রীকে ঘিরে ছিল রাজকীয় আয়োজন। সকাল থেকে মদনমোহন মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। বেলা ১২টার পর থেকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে। তারপরও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মূল ফটকের দু’দিকের বাউন্ডারি ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল প্রচুর মানুষ। ভক্তদের উৎসাহ আর উদ্দীপনা ছিল নজরকাড়া। তবে এদিন মন্দির চত্বরে মুখ্যমন্ত্রীর প্রবেশ থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।