রবীন রায়, আলিপুরদুয়ার: সামনেই বিধানসভার ভোট। এবারের ভোটে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা চলছে ফালাকাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে। কারণ একটাই একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভোটের পরিসংখ্যান। একুশের বিধানসভা ভোটে ফালাকাটায় বিজেপির দীপক বর্মনের জয়ের ব্যবধান ছিল ৩৯৯০ ভোটের। আর চব্বিশের লোকসভা ভোটে বিজেপির লিড ছিল ৮৯৬৬ ভোটের। অর্থাৎ লোকসভায় লিড পেলেও বিজেপির ভোট তেমন বাড়েনি।
ফলে ফালাকাটা বিধানসভা আসন নিয়ে উদ্বেগে রয়েছে বিজেপি। অন্যদিকে, বিজেপির এই লিড টপকে ফালাকাটা বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে অঙ্ক কষে এখন থেকেই ঝাঁপিয়েছে তৃণমূল। সেই অঙ্ক হিসেবে তৃণমূল পাখির চোখ করেছে শহরাঞ্চলের ভোটব্যাংককে। ফালাকাটা বিধানসভার ১১টি অঞ্চলের মধ্যে পূর্ব কাঁঠালবাড়ি বাদ দিলে বাকি ১০টি অঞ্চলে তৃণমূলের গ্রামীণ ভোটব্যাংক এক প্রকার অঁটুট বলা যায়। কিন্তু গত লোকসভা ভোটে শাসক দল সবচেয়ে বেশি ভোটে পিছিয়ে পড়েছিল ফালাকাটা পুর এলাকায়। শহরাঞ্চলে সাত হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল।
রাজ্যের নতুন ফালাকাটা পুরসভার বয়স মাত্র সাড়ে তিন বছর। নতুন পুরসভা হওয়ায় বোর্ড গঠনের পর প্রথম দিকে ভাড়ার শূন্য ছিল। ফান্ড না মেলায় উন্নয়ন সেভাবে শুরুই হয়নি। এর ফলে সর্বত্র নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। রাজনৈতিক মহলের ধারণা, চব্বিশের ভোটে তারই ফায়দা তোলে বিজেপি। তৃণমূলের নেতারাও খোলাখুলিভাবে সেটা স্বীকার করছেন। আর সেটা বুঝতে পেরেই এবার আগাম ঘুঁটি সাজিয়ে শহরাঞ্চলে উন্নয়নের ঝাঁপি নিয়ে প্রচারে পুরোদস্তুর নেমে পড়েছে তৃণমূল। দু’মাস আগে থেকেই পুর এলাকায় ঢালাও উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে পুরসভা। ব্যাপক রাস্তাঘাট, পথবাতি ও নিকাশিনালার উন্নয়ন করে সাজানো হয়েছে পুরসভার ১৮টি ওয়ার্ডকে। হাউস ফর অল প্রকল্পে পুর এলাকার গরিব মানুষের বাড়ি তৈরির কাজও শুরু হয়েছে।
ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় বলেন, নতুন পুরসভা। ফলে প্রথম দিকে ফান্ড না পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন রাজ্য থেকে ফান্ড আসতে শুরু করেছে। পুর এলাকায় পাকা রাস্তা ও ড্রেন তৈরি হয়েছে। পথবাতি দেওয়া হয়েছে। হাউস ফর অল প্রকল্পে বাড়ি তৈরির কাজ চলছে। ফলে শহরাঞ্চলে নিশ্চিতভাবেই এবার আমরা বিজেপিকে টেক্কা দেব। তৃণমূলের ফালাকাটা ব্লক (গ্রামীণ) সভাপতি সঞ্জয় দাস বলেন, পঞ্চায়েত এলাকায় আমাদের ভোটব্যাংক অটুট। এবার শহরাঞ্চলেও আমরা বিজেপিকে টেক্কা দেব। এবার ফালাকাটায় আমরাই জিতছি।
যদিও বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, আমরা কোনও উদ্বেগে নেই। শহরাঞ্চলে উন্নয়নের কাজ শুরু হলেও তাতে চিঁড়ে ভিজবে না। বরং শহরাঞ্চলে ১০ হাজার ভোটের লিড নিয়ে ফালাকাটায় এবারও আমরাই জিতব।