Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

তোরেসের জোড়া গোল, জিতল বার্সা

লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত। রবিবার ঘরের মাঠে গেতাফেকে ৩-০ গোলে হেলায় হারাল হান্স ফ্লিকের ছেলেরা।

তোরেসের জোড়া গোল, জিতল বার্সা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

বার্সেলোনা: লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত। রবিবার ঘরের মাঠে গেতাফেকে ৩-০ গোলে হেলায় হারাল হান্স ফ্লিকের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক ফেরান তোরেস। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ড্যানি ওলমো। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল কাতালন ক্লাবটি। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আগামী বৃহস্পতিবার এবার লিগে যোগ্যতা অর্জনকারী ওভিয়েডোর মুখোমুখি হবে বার্সা।
গত মরশুম থেকে সংস্কারের কাজ চলছে ক্যাম্প ন্যু’য়ে। তবে এখনও তার ছাড়পত্র না মেলার জোহান ক্রুয়েফ নামাঙ্কিত ক্লাবের মহিলা ও রিজার্ভ দলের মাঠে দ্বিতীয় হোম ম্যাচ খেলতে হল বার্সেলোনা সিনিয়র দলকে। লিগের গত ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৬ গোলের মালা পরিয়েছিল তারা। গেতাফের বিরুদ্ধেও শুরু থেকেই দাপট দেখান রাফিনহা-পেড্রিরা। ১৫ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন ফেরান তোরেস (১-০)। প্রতিপক্ষ বক্সে ড্যানি ওলমোর ব্যাক পাস ধরে জাল কাঁপান এই স্প্যানিশ ফুটবলার। এরপর ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। এবার রাফিনহার পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে ভুল হয়নি তোরেসের (২-০)। বিরতির পরেও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে বার্সা। ৬২ মিনিট প্রতি-আক্রমণ থেকে দুরন্ত গোলে দলের জয় নিশ্চিত করেন ড্যানি ওলমো (৩-০)।
দিনের অপর ম্যাচে মায়োরকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আতলেতিকো মাদ্রিদ। ফলে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বাদশ স্থানে রয়েছে তারা। উল্লেখ্য, কোচ ডিয়েগো সিমিওনের প্রশিক্ষণে এটাই লিগের সবথেকে খারাপ শুরু আতলেতিকোর। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেন জুলিয়ান আলভারেজ।

Advertisement

বার্সেলোনা- ৩                    :                       গেতাফে- ০
(তোরেস-২, ওলমো)

Advertisement
সম্পর্কিত সংবাদ