হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচরদের অনুপ্রবেশ! নজরে প্রতিরক্ষা ও আধাসামরিক বাহিনীর আধিকারিকেরা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য কি এত দিন ধরে নজরদারির মধ্যে ছিল? ভারতীয় প্রতিরক্ষা, আধাসামরিক বাহিনী এবং প্রতিরক্ষা বিভাগের অসামরিক আধিকারিকদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানি গুপ্তচরদের অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ার পর এই প্রশ্নই উঠে আসছে। সরকারি সূত্রের দাবি, অন্তত ১৩ থেকে ১৪টি এমন গ্রুপে ঢুকে পড়েছিলেন পাক গোয়েন্দা সংস্থার অপারেটিভরা। তাঁদের লক্ষ্য ছিল সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিকদের কথোপকথন এবং আদানপ্রদান করা নথিপত্রের উপর নজর রাখা। ঘটনার পরই সংশ্লিষ্ট গ্রুপগুলির নিরাপত্তা খতিয়ে দেখা এবং সেগুলি থেকে অচেনা সদস্যদের সরিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। শুধু হোয়াটসঅ্যাপ নয়, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপগুলিও পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও সরকারি, গোপনীয় বা সংবেদনশীল তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না।

Advertisement

সরকারি সূত্রের দাবি, অনুপ্রবেশকারীরা ভুয়ো অথবা হ্যাক করা ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে গ্রুপগুলিতে যোগ দিয়েছিলেন। তাঁরা নিজেদের উপস্থিতি জানান না দিয়ে ‘নীরব সদস্য’ হিসেবেই থেকে যান। ফলে গ্রুপের অন্য সদস্যদের পক্ষে তাঁদের সন্দেহ করার সুযোগ কম ছিল। আড়ালে থেকে তাঁরা কথোপকথন অনুসরণ করেছেন, নজর রেখেছেন গ্রুপে শেয়ার করা নথি ও অন্যান্য তথ্যের উপর। শুধু চিহ্নিত ১৩-১৪টি গ্রুপ নয়, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশে সাধারণ সতর্কবার্তাও জারি করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও সরকারি বা গোপনীয় তথ্য আদানপ্রদান করা যাবে না।
এর আগেও একই ধরনের অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছিল। সরকারি আধিকারিকদের দাবি, প্রতিরক্ষা বিভাগের অসামরিক কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘সোনিয়া’ নামে এক ব্যক্তি যোগ দিয়েছিলেন। নিজেকে ডিআরডিও-র বিজ্ঞানী বলে পরিচয় দিয়েছিলেন তিনি। পরে তদন্তে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয় এবং তাঁকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অপারেটিভ বলে শনাক্ত করা হয়। তদন্তকারীদের সন্দেহ, অর্থের বিনিময়ে ওই গ্রুপে কিছু সংবেদনশীল তথ্য আদানপ্রদান হয়ে থাকতে পারে। তবে কী ধরনের তথ্য শেয়ার করা হয়েছিল, তার কতটা বাইরে পৌঁছেছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনাগুলি নিরাপত্তা সংস্থাগুলির সামনে একটি নতুন বিপদের ছবি তুলে ধরছে। গুপ্তচরবৃত্তির জন্য এখন আর সব সময় সীমান্ত পেরিয়ে আসতে হয় না, সামরিক ঘাঁটিতে ঢুকতে হয় না, কিংবা কোনও আধিকারিকের সঙ্গে সরাসরি যোগাযোগও করতে হয় না। কখনও একটি ভুয়ো মোবাইল নম্বর, একটি বিশ্বাসযোগ্য পরিচয় আর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপই যথেষ্ট। সেখানে অনুপ্রবেশকারীকে কথা বলতে হয় না— শুধু নীরবে পড়ে থাকতে হয়, আর অপেক্ষা করতে হয় কোনও অসতর্ক মুহূর্তের।