নয়াদিল্লি, ২৪ নভেম্বর: দিল্লির হিংসার ঘটনায় ‘বৃহত্তর ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে ছ’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি দুই ছাত্রনেতা শরজিল ইমাম ও উমর খালিদ। তাঁদের বিরুদ্ধে মামলায় এখনও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। অথচ চার্জশিটে নাম রয়েছে ১৮ জন অভিযুক্তের, সাক্ষী হিসেবে তালিকাভুক্ত ৯০০-রও বেশি মানুষ। এই দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণে বিলম্বকেই হাতিয়ার করে ফের জামিনের দরজায় কড়া নাড়ছেন ইমাম ও খালিদ। বুধবার তাঁদের দায়ের করা নতুন আবেদনের শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।
সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি উঠতে পারে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর অধীনে দায়ের হওয়া এই মামলায় দিল্লি হাই কোর্টের জামিন খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন দু’জনেই। নিজের আবেদনে শারজিল ইমাম জানিয়েছেন, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর মামলায় চার্জশিট জমা পড়ে। সেখানে ১৮ জন অভিযুক্তের নাম রয়েছে। সাক্ষী হিসেবে উল্লেখ করা হয় ৯০০-রও বেশি ব্যক্তির নাম, যাঁদের মধ্যে ৪৭ জনের পরিচয় গোপন রাখা হয়েছে। অথচ ছ’বছর ন’মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন বন্দি হিসেবে জেলে থাকার পরেও প্রসিকিউশন একজন সাক্ষীরও সাক্ষ্যগ্রহণ করেনি বলে দাবি ইমামের। একই যুক্তি তুলে ধরেছেন উমর খালিদও। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া এক বছরের সময়সীমা পেরিয়ে গেলে বিচার ছাড়াই অনির্দিষ্টকাল কারাবন্দি রাখা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের পরিপন্থী হবে।
গত ৩০ সেপ্টম্বর দিল্লি হাই কোর্ট ইমাম ও খালিদের জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালতের বক্তব্য ছিল, বিচারবিভাগীয় শৃঙ্খলা মেনে চলতে তারা বাধ্য। তাই ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধন বা অগ্রাহ্য করার ক্ষমতা হাইকোর্টের নেই। এর আগে ৪ জুলাই নিম্ন আদালত তৃতীয়বারের জন্য তাঁদের জামিনের আবেদন খারিজ করেছিল। আদালতের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করা ছাড়া তাদের সামনে অন্য কোনও পথ নেই। উল্লেখ্য, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্টের ডিভিশন বেঞ্চও ইমাম ও খালিদের জামিন মঞ্জুর করেনি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাঁরা। ৫ জানুয়ারির শুনানিতে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-র অধীনে প্রাথমিকভাবে মামলা থাকার কথা উল্লেখ করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, অন্য অভিযুক্তদের তুলনায় ইমাম ও খালিদের ভূমিকা আলাদা। তাঁদের ‘ষড়যন্ত্রের আদর্শগত চালিকাশক্তি’ বলেও উল্লেখ করা হয়েছিল। তবে সেই সঙ্গে আদালত জানিয়েছিল, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হলে অথবা নির্দেশের দিন থেকে এক বছর পেরোলে তাঁরা নতুন করে জামিনের আবেদন করতে পারবেন। একই মামলায় অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রহমান, মহম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত।



