সংবাদদাতা, পুরুলিয়া: আজ, বুধবার পুরুলিয়ার হুড়া থানার লধুড়কায় সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে জঙ্গলমহল পুরুলিয়া জেলায় অভিষেক কী বার্তা দেন, তা শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সভাস্থল ছাড়াও জাতীয় সড়কের দু’পাশ অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট, ব্যানার ও পোস্টারে সাজিয়ে তোলা হয়েছে। অভিষেক সভায় কী চমক নিয়ে আসেন, তার অপেক্ষায় রয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। উল্লেখ্য, এর আগে অন্য জেলায় সভায় তিনি ‘ভূতে’দের হাজির করে হইচই ফেলে দিয়েছিলেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সভা শুরুর কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টারে আসবেন। হুড়া থানার লধুড়কায় সভাস্থলের একপাশে রয়েছে হেলিপ্যাড। ইংরেজি ‘ই’ অক্ষরের আকারে তিনটে বিশালাকার মঞ্চের পাশাপাশি রয়েছে র্যাম্প। মঙ্গলবার সকাল থেকেই সভাস্থলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সোরেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত মাহাত, আইএনটিইউসির জেলা সভাপতি উজ্জ্বল কুমার, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারি সহ অনান্য জেলা ও ব্লকের নেতারা। রাজীববাবু বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আইকন। তাঁর সভাকে ঘিরে জেলাজুড়ে সাজসাজ রব। সরকারি ও বেসরকারি কয়েকশো বাস ভাড়া করার পাশাপাশি বহু মানুষ ছোট গাড়িতেও নিজেরা ভাড়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আসবেন। স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। বহু মানুষ হেঁটেও সভায় আসবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন, তা শুনতে মুখিয়ে রয়েছেন দলের নেতা-কর্মীরা। সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে। মঙ্গলবার রাতেই জেলার দূরবর্তী স্থানগুলিতে বাস পৌঁছনো হবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেককে স্বাগত জানাতে ছৌ-শিল্পীদের পাশাপাশি অন্যান্য লোকনৃত্যের দলের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রস্তুতির বিষয়ে বাঘমুণ্ডির বিধায়ক বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড় উপচে পড়ছে। পুরুলিয়াতেও তার ব্যতিক্রম হবে না। অন্যান্য জেলার ভিড়ের রেকর্ড পুরুলিয়ায় ভেঙে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় গত বিধানসভা নির্বাচনে ন’টি আসনের মধ্যে ছ’টিতে বিজেপি জয়ী হয়েছিল। তিনটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তাই ভোটের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না শাসকদল। রাজীববাবু বলেন, অভিষেকের সভা কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে।