নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার শুভেন্দু বলেন, ‘মা কালীকে যিনি প্রিজন ভ্যানে তুলেছিলেন, তাঁকে মহালয়ার দিনে দিল্লি পুলিশ প্রিজন ভ্যানে তুলেছে। এটাই মায়ের শক্তি।’ সিপিএমকে নিশানা করে তিনি বলেন, ‘৩৪ বছর ক্ষমতায় ছিলেন যাঁরা, তাঁরা বলতেন আমরা নাস্তিক। তাঁরা বলতেন, এখানে জয় শ্রীরাম-হরে কৃষ্ণ চলবে না।’ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, পার্ক সার্কাসে মিছিল করে রাম মন্দিরের বিরোধিতা করেছিলেন।
মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলা নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনও তাঁকে সেই একই অভিযোগ করতে শোনা গেল। শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় মমতা বলেছিলেন, মহাকুম্ভ নয় ওটা মৃত্যুকুম্ভ।
অনুষ্ঠান থেকে ঐক্যের ডাক দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এই দেশকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে। আমাদের ভাই-বোনেরা যাঁরা আজ বাংলাদেশে আছেন, তাঁদের খুন করা হচ্ছে। মা-বোনদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আজ আমাদের একত্রিত হওয়া প্রয়োজন।’
আগামী ২৯ ডিসেম্বর সকালে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিন। ব্রিগেডের সেই অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকবেন বলে জানান শুভেন্দু অধিকারী।



