কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বই-বিপণি ঘিরে ধুন্ধুমার! প্রতিবাদে রাস্তা অবরোধ, ধরপাকড়ে আটক বহু
  • ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটে এসএফআই-এর কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা! রাস্তায় বসে স্লোগান দিলেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। গোটা এলাকাজুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে রাস্তায় বসেই বই বিক্রি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এরপরেই রাস্তা খালি করতে চলে পুলিশের ধরপাকড়। বাম ছাত্র সংগঠনের (এসএফআই) বহু কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের তরফে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলা হচ্ছে।

Advertisement

আজ, মঙ্গলবার কলেজ স্ট্রিটে এসএফআই-এর ‘বইয়ের জন্য আসুন’ কর্মসূচি পূর্বপরিকল্পিত ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে ‘বুকস্টল এখানেই হবে’ বলে সংগঠনের তরফে আগেই জানানো হয়। সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, পুলিশের তরফে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের (এসএফআই) সদস্যরা। এসএফআইয়ের কলকাতার জেলা সভাপতি মহম্মদ হাসিব হোসেন বলেন, ‘বহু বছর ধরে হচ্ছে এই বুক স্টল। সেখানে অনুমতি থাকা সত্বেও বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোথাও বিজেপির গুন্ডা বাহিনী তো কোথাও পুলিশ, নানান জায়গায় বামদের বুকস্টল তৈরিতে বাধা দিচ্ছে। কারণ বইয়ের চর্চার সামগ্রিকভাবে বিরোধী বিজেপি।’

এসএফআই-এর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির তরফে ‘সংগ্রামী বইপত্র’-এর বিপণি দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রাতেই পুলিশের বিরুদ্ধে সেই প্রস্তুতিতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়। লালবাজারের তরফে জানানো হয়, ‘ওই জায়গায় বিপণি বসলে যান চলাচলে সমস্যা হতে পারে।’ পাল্টা এসএফআই রাজ্য সম্পাদক হুঁশিয়ারির সুরে বলেন, ‘যান চলাচলে কোনো রকমের সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি বই-বিপণি করতে না-দেওয়া হয়, তাহলে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে।’

সকাল থেকেই গোটা কলেজ স্ট্রিটজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন ছিল। তবে বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুকস্টল করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় বসে পড়েন সংগঠনের সদস্যরা। দেবাঞ্জন সাফ জানান, ‘রাস্তায় বসেই ছাত্রছাত্রীরা বই বিক্রি করবেন।’ এরপরে রাস্তা খালি করতে চলে ধরপাকড়। বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে।