এখনও বাজারে সিজনের শেষ আম মিলছে। এই আম দিয়ে তৈরি করে ফেলতে পারেন বিভিন্ন ধরনের নোনতা মিষ্টি পদ। পুষ্টিকর স্যালাড যেমন বানানো যায়, তেমনই তৈরি করা যায় সুস্বাদু মিষ্টি। সহজ উপকরণে তৈরি এই পদগুলোর রন্ধনপ্রণালী এমনই যে তা বাড়িতেই বানানো সম্ভব। দক্ষিণ কলকাতার কারা কাফেতে চলছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। সেই মেনু থেকেই তিনটি পদের রেসিপি জানালেন কাফের শেফ সুনীল।
ম্যাঙ্গো ক্রিম প্যাতিসারি টার্ট
উপকরণ: টার্ট বেস-এর জন্য: ময়দা ২০০ গ্রাম, ঠান্ডা মাখন ১০০ গ্রাম, চিনি ২০ গ্রাম, ঠান্ডা জল ২-৩ টেবিল চামচ। কাস্টার্ডের জন্য: দুধ ২ কাপ, ডিমের কুসুম ৩টে, চিনি ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ, পাকা আম স্লাইস করে কাটা ১টা।
প্রণালী: ময়দার সঙ্গে মাখন আর চিনি মিশিয়ে আঙুলের সাহায্যে মেখে নিন। ঝুরঝুরে হলে আর সঙ্গে অল্প অল্প করে ঠান্ডা জল মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিন। এবার তা আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বার করে টার্ট শেলে ভরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিন।
কাস্টার্ড বানানোর জন্য: একটা পাত্রে দুধ গরম করে নিন। এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে ডিমের কুসুম দিয়ে ফেটিয়ে নিন। তার সঙ্গে চিনি ও কর্নফ্লাওয়ার যোগ করে মেশান। মোলায়েম মিশ্রণ তৈরি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবার এই মিশ্রণে গরম দুধ মিশিয়ে ভালো করে নেড়ে নিন। সবটা যেন একে অপরের সঙ্গে মিশে যায় খেয়াল রাখবেন। তারপর তা ঢিমে আঁচে বসিয়ে নাড়তে নাড়তে ঘন করে নিন। কাস্টার্ড ঘন হলে তা আঁচ থেকে নামিয়ে তার সঙ্গে ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে দিন। এবার এই মিশ্রণ টার্টের খোলে ঢেলে দিন। উপর থেকে আমের কুচি দিয়ে সাজিয়ে দিন। তারপর তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।
ম্যাঙ্গো স্মুদি
উপকরণ: আম ১টা, দই ১/২কাপ, বরফ প্রয়োজন মতো, দুধ ১/২কাপ, ক্রিম সামান্য, গুঁড়িয়ে নেওয়া কুকি ১ চামচ, পুদিনা পাতা সাজানোর জন্য।
প্রণালী: আম ছোটো টুকরো করে কেটে নিন। দই ফেটিয়ে নিন। এবার মিক্সিং জারে ফেটানো দই, আম, দুধ, বরফের কুচি একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিন। বেশ ফেনা বা ফ্রথ হওয়া পর্যন্ত বারবার ব্লেন্ড করুন। এরপর একটা গ্লাসে এই মিশ্রণ ঢেলে উপর দিয়ে গুঁড়ো করা কুকি ছড়িয়ে দিন। পুদিনা পাতা সাজিয়ে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন। গরমের দুপুরে আমের এই স্মুদি শরীর ঠান্ডা করবে।
ম্যাঙ্গো আভোকাডো ফেনেল স্যালাড
উপকরণ: রকেট লিভস ২ কাপ, পাকা আম ১টা, পাকা আভোকাডো ১টা, মৌরির ফুল ১টা, পুদিনা পাতা কুচিয়ে নেওয়া ১ মুঠো, ভিনিগারে ভেজানো শসা কুচি ৩-৪ স্লাইস, বাদাম ১/২ কাপ, চিনি ১ টেবিল চামচ, তিল ১ চা চামচ।
ড্রেসিংয়ের জন্য: অলিভ অয়েল ২ টেবিল চামচ, পারমেসান চিজ ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, নুন সামান্য।
প্রণালী: একটা ফ্রাই প্যান আঁচে বসিয়ে গরম করে নিন। তাতে চিনি দিয়ে গলিয়ে নিন। তাতে বাদাম ভাজতে ভাজতেই তিল দিয়ে দিন। বাদাম তিল আর চিনি মিশে একে অপরের সঙ্গে লেগে একটা চিটচিটে পদার্থ তৈরি হলে তা আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার কাচের ছোটো জার নিন। তাতে অলিভ অয়েল, পারমেসান চিজ, চিলি ফ্লেক্স, লেবু ও নুন মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। সব উপকরণ একে অপরের সঙ্গে মিশে গেলে বুঝবেন ড্রেসিং রেডি। এবার একটা স্যালাড বোলে প্রথমে রকেট লিভস পাতুন। আম লম্বা স্লাইস করে কেটে নিন। এবার সেই স্লাইস রকেট লিভসের উপর বিছিয়ে দিন। তার উপর স্লাইস করে কাটা আভোকাডো দিয়ে দিন। ভিনিগারে ভেজানো শসা কুচি যোগ করুন। এরপর মৌরির ফুল ও কুচানো পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে দিন। স্যালাড ড্রেসিং ঢেলে দিন। উপর থেকে বাদাম, তিল ও চিনির চিটচিটে মিশ্রণ গুঁড়িয়ে ছড়িয়ে দিলেই তৈরি এই স্যালাড।