নয়াদিল্লি: নির্দিষ্ট পদের মোহ নয়। জনসেবায় আগ্রহীদের সিভিল সার্ভিসে নিযুক্ত করতে হবে। বৃহস্পতিবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ইউপিএসসি’র শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এবিষয়ে স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘পদের মোহ নয়। জনসেবায় আগ্রহী যুবক-যুবতীদের নিযুক্ত করতে হবে। তাই নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় নির্দিষ্ট ব্যক্তি কী জানেন তা যাচাই করলেই চলবে না। সে কেন সিভিল সার্ভিসে আসতে চায় সেটাও বুঝতে হবে।’ এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এক সময় সরকারকেই প্রভু হিসাবে দেখা হতো। এখন আমাদের লক্ষ্য, নাগরিক দেব ভব। দেশের নাগরিকরা আমাদের কাছে দেবতার থেকে কম কিছু নন। তাঁদের পরিষেবা দেওয়াটাই আমাদের কর্তব্য।’



