ট্রাকে সজোরে ধাক্কা মারল গাড়ি, মৃত্যু ৯ জনের
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৭:০৬
Prefer us on Google

কোটা, ২২ নভেম্বর: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। জখম আরও ৮ জন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে আজ, রবিবার কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা এলাকায়। হতাহতরা সকলেই মহারাষ্ট্রের ধুলে এলাকার বাসিন্দা। তাঁরা রাজস্থানের সিকরে খাটু শ্যামজীর মন্দির দর্শন করে গাড়িতে করে ফিরছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি। শম্ভুপুরার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান যান্ত্রিক গোলযোগের ফলেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জেরে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। 

Advertisement

খবর পেয়েই অকুস্থলে যান কোটার এসপি তেজস্বীনি গৌতম। আসে উদ্ধারকারী দলও। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে আটকে পড়া জখম যাত্রীদের উদ্ধার করার চেষ্টা শুরু হয়। এরপর আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। তাঁরা হলেন- উষা (৬০), সুশীলা (৬৫), কৈলাশ (৪৫), জাহ্নবী (৬), সজ্জন (৬০), বাবুলাল (৬০), মাধবী (৪৫) এবং অনিতা। একজনের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, ট্রাক চালক হারুনও সামান্য জখম হয়েছেন। তাঁর মাথা এবং হাঁটুতে চোট লেগেছে। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ২০ ফুট দুরে ছিটকে পড়েছিলেন তিনি। হারিয়ে ফেলেছিলেন জ্ঞানও। প্রায় ১০ মিনিট পর জ্ঞান ফেরে তাঁর। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চালক, যাত্রী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।